বাপ্পা ও ‘রক অ্যান্ড রিদম’
আবারও উপস্থাপনা করবেন বাপ্পা মজুমদার। তবে এবারের অনুষ্ঠানটিতে তাঁর জন্য একটু অন্য রকম অভিজ্ঞতাই হবে। কারণ, এবার যে অনুষ্ঠানটি তিনি উপস্থাপনা করবেন, তা প্রতি শনিবার রাত আটটায় এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। নাম ‘রক অ্যান্ড রিদম’। বাপ্পা জানালেন, এবারই প্রথম তিনি টিভির কোনো লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করবেন। গানের ফাঁকে থাকবে গান নিয়ে শিল্পীর সঙ্গে আলোচনা। বাপ্পা বললেন, ‘এর আগে যে অনুষ্ঠানগুলো করেছি, সব কটিই আগে থেকে ধারণ করা হয়েছিল। কিন্তু এবার স্টুডিও থেকে সরাসরি। কিছুটা চিন্তিত আছি। ভরসা হলো, এটা গানের অনুষ্ঠান। আমি নিজেও গানের সঙ্গেই আছি। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। নানা পরিকল্পনা করছি।’জানা গেছে, ‘রক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানের প্রথম পর্বে গান করবেন হাসান আবিদুর রেজা জুয়েল। পরের দুটি পর্বে গান গাইবেন নকীব খান ও ফাহমিদা নবী। বাপ্পা তাঁর প্রথম উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘প্রথম উপস্থাপনা করেছিলাম চ্যানেল ওয়ানে। অনুষ্ঠানের নাম “দ্য ওয়ান”।’ এরপর বাপ্পা উপস্থাপনা করেছেন ‘গানে গানে গল্প’ (এটিএন বাংলা) ও ‘গানের টানে প্রাণের টানে’ (একাত্তর টিভি) অনুষ্ঠানে।