বাপ্পার আমন্ত্রণ
কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের মুখোমুখি হতেই জানা গেল, তাঁর সব ব্যস্ততা এখন দলছুট এবং ব্যান্ডের নতুন অ্যালবাম আয় আমন্ত্রণ নিয়ে। বছর তিনেক আগে সবুজ বন আর সবুজ পাহাড় খুঁজে বেড়িয়েছিলেন দলছুট ব্যান্ডের দলবদ্ধ ছেলেরা। সর্বশেষ অ্যালবাম জোছনাবিহার-এ দলছুটের আকুতি ছিল হলুদ চোখের কোণে একটুখানি সবুজ খোঁজার। তাদের সেই আহ্বানের পর কেটে গেছে প্রায় তিন বছর। এবার বাজারে আসছে দলছুটের নতুন অ্যালবাম আয় আমন্ত্রণ।আর অ্যালবামের কাজ নিয়ে মহা ব্যস্ত দলছুটের দলনেতা বাপ্পা মজুমদার। সেই ব্যস্ততার মধ্যেই এক রাতে ছন্দপতন ঘটায় আনন্দ। জানতে চায় তাঁর সাম্প্রতিক কাজের ফিরিস্তি। সংগীত নিয়ে ব্যতিক্রমী কোনো আয়োজন হলে বাপ্পার ‘না’ নেই। তাই এবার বিজয় দিবসের দিনে ‘আমার দেশ আমার গর্ব’ অনুষ্ঠানে বাপ্পা হাজির হয়েছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদীর মতো গুণী শিল্পীদের পাশে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে। শুধু কি তাই, এখন তাঁকে পুরোদস্তুর উপস্থাপকের ভূমিকায়ও দেখা যাচ্ছে এটিএন বাংলার আয়োজন গানে গানে গল্পতে। বাপ্পা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। গানের এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সেই সব গুণীজনকে আনার চেষ্টা করি, যাঁদের প্রতি সবার ভালোবাসা আর শ্রদ্ধার নৈবেদ্যটা সাজানো রয়েছে। তাঁদের গান শুনেই আমরা বেড়ে উঠেছি। তাই সেই সব কীর্তিমানের সামনাসামনি বসে তাঁদের সংগীতজীবন নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।’ এরপর আয় আমন্ত্রণ অ্যালবামের প্রসঙ্গ আসতেই উঠে আসে সঞ্জীব চৌধুরীর কথা।‘ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না/ এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না/ থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না’—সঞ্জীব চৌধুরীর সঙ্গে গলা মিলিয়ে দলছুট গেয়েছিল জোছনাবিহার-এর সময়। এরপর কেবল দলছুট থেকেই নয়, গোটা বিশ্ব থেকেই ছুটি নিলেন সঞ্জীব। তাই বুঝি ‘ধরি মাছ না ছুঁই পানি’ গানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা বলে সঞ্জীব চৌধুরী সেই সময়ই জানিয়ে গেছেন ‘হাতের ওপর হাতের পরশ রবে না’। তবে হাতের পরশ না থাকলেও সঞ্জীবের সুরের পরশ কিন্তু ভোলেননি তাঁর দলছুটের বন্ধুরা। তাই তো দীর্ঘ তিন বছর পর দলছুটের নতুন অ্যালবামেও সঞ্জীবের লেখা গান থাকছে।শুধু এটুকুতেই যে সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব নয়, তা বোধহয় ভালো করেই জানেন দলছুটের প্রধান বাপ্পা মজুমদার। দলছুটের ভক্তদেরও কথাটি জানা যে, মেঘে মেঘে আলাপন শেষে মেঘের পিয়ন চিঠি এনে দিয়েছে বাপ্পা মজুমদারকে। তাই তো নতুন অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে বাপ্পাও অকপটে জানান, ‘সঞ্জীবদার একটি কবিতা থেকে দলছুটের পঞ্চম অ্যালবামটির নাম রাখা হয়েছে।’কবি সঞ্জীবের কাব্যপ্রতিভা সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাবে ‘আয় আমন্ত্রণ’ কবিতার এই লাইন কয়টিতে:‘নদীর পাড়ে হাসে, অচিন বৃক্ষ সে/ কী রূপ দেখিলাম ঘাটে/ আমার চোখ গেল, ধরেছে সুন্দর/ চক্ষে নেশা, লাগে স্থির/ আয় ঠোঁটের ডাকে, আয় আমন্ত্রণ।’কণ্ঠশিল্পী বাপ্পার সব ব্যস্ততা এখন দলছুট নিয়ে। বললেন, ‘আয় আমন্ত্রণ অ্যালবামে মোট ১১টি গান থাকছে। প্রতিটি গানের সুরেই গানটির মৌলিকত্ব রাখার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা যাতে গানগুলোতে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ পান, আমরা সে চেষ্টাই করেছি।’ শ্রোতারা গানগুলোতে মূলত সফট রক ও কিছুটা ফোক ধাঁচের স্বাদ পাবেন বলেও জানালেন দলছুটের ভোকাল বাপ্পা মজুমদার। তবে দলছুটের অন্য অ্যালবামে দু-একটি করে বাউলসংগীত বা লোকগীতি থাকলেও এই অ্যালবামের সব কটি গানই মৌলিক গান।নতুন এই গানগুলোর স্বরলিপি লিখেছেন মারজুক রাসেল, জুলফিকার রাসেল, তানভীর সজীব, রাসেল ও’নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, শাহান কবন্ধ, রানা আকবর ও জাহিদ আকবর। সঞ্জীব চৌধুরীর স্ত্রী প্রজ্ঞা নাসরিনও একটি গান লিখেছেন আয় আমন্ত্রণ অ্যালবামের জন্য।দলছুটের গান যাঁরা শোনেন, তাঁদের তো জানাই আছে যে ‘অবুঝ মেঘের কোলাহলে যাঁরা চাঁদ ধরার ফাঁদ’ পাতেন, তাঁরা নিশ্চয়ই তিন বছর পর একটি অ্যালবাম খালি খালি বাজারে আনছেন না। আর দলছুটের প্রয়াত সদস্য সঞ্জীব তো জানিয়েই গেছেন, ‘শরৎ শেষে শিউলি ফুলের গন্ধে আমি উঠব দুলে/ আমার আবেগ চূর্ণ হবে সে জন বন্ধু সবে না।’ দলছুটের সদস্যরা ব্যান্ডের নতুন অ্যালবামটি ভক্তদের হাতে তুলে দিচ্ছেন তাঁদের প্রিয় সঞ্জীবদার জন্মদিন ২৫ ডিসেম্বর। অর্থাৎ, আগামী পরশু দলছুটের নতুন অ্যালবামটি শুনে দেখার আমন্ত্রণ জানালেন বাপ্পা মজুমদার।স্টুডিওর খুব কাছেই বাপ্পার বাসা। অবসর পেলেই তিনি ছোটেন নিজগৃহে। আদরের কুকুরছানা গুটলু, পুটলি আর পারসিয়াকে নিয়ে খেলায় মেতে ওঠেন। সে সময় অবশ্য তাঁর খেলার সঙ্গী হয়ে পাশে থাকেন সহধর্মিণী চাঁদনী। শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে সাধ্যমতো সময় দিতে ভোলেন না বাপ্পা।