বাপ্পার ফ্যান পেজকে ফেসবুকের স্বীকৃতি

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ফ্যান পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক ।
এ প্রসঙ্গে বাপ্পা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতে তাঁর ফ্যানপেজকে (https://www.facebook.com/bappa.mazumder) ‘ভেরিফাইড’ পেজ হিসেবে নিশ্চিত করেছে ফেসবুক।
আজ বুধবার সকাল পর্যন্ত ফেসবুকে বাপ্পা মজুমদারের ভক্তের সংখ্যা ছিল ৬ লাখ ১০ হাজার। এখন থেকে বাপ্পা মজুমদার ভক্তরা তাঁর সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে পারেন।
ফেসবুক কর্তৃপক্ষ বাপ্পার পেজটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় যথাযথ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাপ্পা। তিনি বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে আমার পেজটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আশা করছি এখন থেকে আমার ভক্ত-শ্রোতারা বিভ্রান্ত হবেন না। তাঁরা ফ্যান পেজটির মাধ্যমে আমার বিভিন্ন ধরনের খবরাখবর সম্পর্কে আপডেট থাকতে পারবেন।’
প্রসঙ্গত, বাপ্পা মজুমদার এখন তাঁর নতুন একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানি না কোন মন্তরে নামের এ অ্যালবামটি রোজার ঈদে প্রকাশিত হবে বলেই জানান তিনি।
উল্লেখ্য, গ্ল্যামার জগতের প্রথম বাসিন্দা হিসেবে ফেসবুক স্বীকৃতি দেয় সংগীতশিল্পী তাহসানের ফেসবুক পেজ। এরপর খুদে গানরাজ খ্যাত গায়িকা পড়শীর পেজটিকে স্বীকৃতি দেয় ফেসবুক।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসাপ্রতিষ্ঠানের আসল ফ্যানপেজকে স্বীকৃতি দিয়ে থাকে। স্বীকৃতি দেওয়া ফ্যানপেজের পাশে নীল রঙের বৃত্তের মাঝখানে সাদা টিকচিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এই পেজটি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আসল পেজ।