বাপ্পার ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের প্রতি ভালোবাসায় গান করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘বাবা-মায়ের আদর সোহাগ নিয়ে বেঁচে আছি তাঁদের ভালোবাসা নিয়ে হেসে-খেলে বাঁচি’—এটি অটিস্টিক শিশুদের নিয়ে লেখা একটি গানের প্রথম দুটি লাইন। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছে পাঁচজন শিশুশিল্পী। বাপ্পা মজুমদার বলেন, ‘একজন কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক হিসেবে অনেক ধরনের গানই করে থাকি। কিন্তু অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করার অনুভূতি একেবারেই অন্য রকম। এ আনন্দের কোনো শেষ নেই। বলা যায়, এ আনন্দের মাত্রাটা ব্যাখ্যাতীত। এ ধরনের গান করার মধ্য দিয়ে অটিস্টিক বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখানোর একটা সুযোগ থাকে।’অটিস্টিক শিশুদের প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের দেশে কিন্তু অটিস্টিক বাচ্চাদের নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকে অটিস্টিক বাচ্চাদের প্রতিবন্ধী ভাবেন। এটা আসলে কোনোভাবেই ঠিক নয়। অটিস্টিক বাচ্চারা আসলে একটু অন্য রকম। তাদের বুঝতে হয়। ক্ষেত্রবিশেষে অটিস্টিক বাচ্চারা অনেক বেশি মেধাবী।’অটিস্টিক শিশুদের নিয়ে তৈরি গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘গানের কথা ও সুর বেশ চমত্কার। আর যেসব শিশু গানটি গেয়েছে, তারাও এককথায় অসাধারণ করেছে।’অটিস্টিক শিশুদের নিয়ে তৈরি গানটির একটি ভিডিও নির্মিত হবে বলে জানান বাপ্পা মজুমদার। ভিডিওটি নির্মাণ করবেন নাজিম মাহমুদ।