বাপ্পার সুরে চলচ্চিত্রের জন্য গাইলেন সামিনা
বাপ্পা মজুমদারের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি সামিনা চৌধুরীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। দ্বৈতকণ্ঠের এ গানটি হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রে গানটি ব্যবহূত হবে। ‘আমি তোকে ছুঁতে চাই, হাতে কিংবা অজুহাতে/ আমি তোকে পেতে চাই, ভর দুপুর আর জোছনা রাতে— শিরোনামের গানটির কথা লিখেছেন হাসিবুর রেজা কল্লোল। গত বৃহস্পতিবার বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ড করা হয়। রেকর্ডিং শেষে সামিনা চৌধুরী জানান, ‘বাপ্পার সুরে এর আগে অ্যালবামে গান করলেও চলচ্চিত্রে এবারই প্রথম গাইলাম। গানটির কথায় ভিন্নতা আছে। বাপ্পাও অসাধারণ সুর করেছেন’।এ প্রসঙ্গে বাপ্পা জানান, ‘অনেক চমত্কার একটি গান হয়েছে। গানের কথাও অনেক সুন্দর। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’উল্লেখ্য, এই ছবির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। এর আগে ছবিটির আরও দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ ও কনা।