বাপ্পার সুরে সেরাকণ্ঠের পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা-পূজা
বাপ্পা-পূজা

তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন সেরাকণ্ঠের পূজা। সম্প্রতি এ অ্যালবামের জন্য বাপ্পা মজুমদারের সুর-সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘মেঘে মেঘে আজ কাটে বেলা, ভেজা ভেজা এই মন’ এমন কথার এ গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রোমান্টিক এ গানটি স্থান পাবে পূজার তৃতীয় একক অ্যালবামে।
বাপ্পা মজুমদারের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত পূজা। তিনি বলেন, ‘বাপ্পা দা আমার অনেক প্রিয় একজন সংগীত পরিচালক। গত অ্যালবামেই তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তখন আর হয়ে ওঠেনি। এবার অনেক চমত্কার একটি গান তিনি আমার জন্য তৈরি করেছেন। তাই দাদাকে অনেক ধন্যবাদ। বৃষ্টি নিয়ে করা এ গানটি আমার গাইতেও অনেক ভালো লেগেছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
বাপ্পা মজুমদার বলেন, ‘পূজার গান আমি আগেও শুনেছি। বেশ ভালো গায় সে। ওর কণ্ঠ অনুযায়ী এ গানটি তৈরি করেছি। পূজা গেয়েছেও দারুণ। রেকর্ডিং শেষে কথা-সুর-গায়কি সব মিলিয়ে গানটিতে অন্যরকম একটা আমেজ খুঁজে পেয়েছি। বাকিটা শ্রোতারাই বিচার করবেন।’
উল্লেখ্য, পূজার তৃতীয় একক অ্যালবামে বাপ্পা মজুমদার এর বাইরেও সুর-সংগীতায়োজন করছেন দেশের অন্য শীর্ষ সুর-সংগীত আয়োজকেরা। এ ছাড়া আরও বেশ কিছু চমক নিয়ে আগামী ভালোবাসা দিবসে প্রকাশিত হবে পূজার এই অ্যালবাম।