বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর আসছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন একক অ্যালবাম বেঁচে থাক সবুজ। পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। জানালেন, এটি তাঁর নবম একক অ্যালবাম। অ্যালবামে গান আছে ১১টি। গেয়েছেন রবীন্দ্রসংগীত আর মহীনের ঘোড়াগুলির গাওয়া একটি গানও। অ্যালবামের নাম প্রসঙ্গে বাপ্পা বললেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে রাখা হয়েছে নামটি। একটু চারদিকে তাকালে দেখতে পাবেন, সবুজ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সবুজের মর্মার্থ আমরা বুঝতে পারছি না। সবুজের প্রয়োজনের ব্যাপারটিকে গুরুত্ব দিয়েই অ্যালবামের নাম দিয়েছি বেঁচে থাক সবুজ।’ বাপ্পা আরও বলেন, ‘আমি বরাবরই মেলোডিনির্ভর গান করে থাকি। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এবার আমি প্রাচ্যের মেলোডিকে গুরুত্ব দিয়েছি। রবীন্দ্রসংগীত আমার খুব পছন্দ। তাই এবার “তুমি রবে নীরবে” গানটি করেছি। গানটি উৎসর্গ করেছি আমার মা প্রয়াত ইলা মজুমদারকে। আর মহীনের ঘোড়াগুলি থেকে নিয়েছি “তোমার জন্য” গানটি।’ অ্যালবামের অন্য গানগুলোর শিরোনাম হলো ‘বেঁচে থাক সবুজ’, ‘পাঠ্যসূচি’, ‘আয় ফিরে আয়’, ‘লাভ-ক্ষতি’, ‘রোদের খরা’, ‘চোখের জলে’, ‘জলের প্রেমে’ এবং ‘মন খারাপের পরেও’। বাপ্পার নতুন এই অ্যালবামের জন্য গান লিখেছেন শংকর সাঁওজাল, জুলফিকার রাসেল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, রানা, জয় শাহরিয়ার, মাস-মাসুম, স্বপ্নীল ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।বাপ্পা মজুমদারের অন্য অ্যালবামগুলো হলো তখন ভোরবেলা (১৯৯৬), কোথাও কেউ নেই (১৯৯৮), রাতের ট্রেন (১৯৯৯), ধুলো-পড়া চিঠি (২০০১), কদিন পরেই ছুটি (২০০৩), রাত প্রহরী (২০০৪), দিন বাড়ি যায় (২০০৬), সূর্যস্নানে চল (২০০৮)।বাপ্পা জানান, প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিনে অ্যালবামটি বাজারে আসবে।