বাপ্পার ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’
বাপ্পা মজুমদারের ভক্তদের জন্য সুখবর। শিগগিরই আসছে তাঁর গানের সংকলন বেস্ট অব বাপ্পা মজুমদার। তবে অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে না। এটি প্রকাশিত হবে ইন্টারনেট অথবা মুঠোফোন সেবার মাধ্যমে। এতে একটি ইনস্ট্রুমেন্টাল ছাড়া মোট গান থাকবে সাতটি। এই অ্যালবামে বিভিন্ন সময়ে প্রকাশিত একক অ্যালবাম থেকে ছয়টি গান থাকবে। এগুলোর নতুন করে সংগীতায়োজনের কাজ এখন পুরোদমে চলছে। এরই মধ্যে দুটি গানের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে বলেও জানান বাপ্পা মজুমদার।অ্যালবামটি করার বিষয়ে আগ্রহী হওয়ার কারণ হিসেবে বাপ্পা বললেন, ‘আমার প্রতিটি অ্যালবামে নিজের কিছু ভালো লাগার গান আছে। সবগুলো অ্যালবাম থেকে নিজের পছন্দের গানগুলো একটি অ্যালবাম আকারে শ্রোতাদের সামনে তুলে ধরার ভাবনা মাথায় আসে। এ নিয়ে পরিচিতজনদের সঙ্গে আলাপ করার পর তাঁরাও আমাকে বেশ উৎসাহ দেন। প্রাথমিকভাবে এ ধরনের তিনটি অ্যালবাম বের করার চূড়ান্ত পরিকল্পনা করেছি। পরে অ্যালবামের সংখ্যা বাড়তেও পারে।’