বাপ্পারাজের ছবির আইটেম গানে মমতাজ

কথা ছিল রিমেইক ‘বেইমান’ ছবিটির মধ্য দিয়ে সিনেমা পরিচালনায় নাম লেখাবেন চিত্রনায়ক বাপ্পারাজ। কিন্তু তা আর হলো না। ছটকু আহমেদের চিত্রনাট্যে ‘কার্তুজ’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বাপ্পারাজ। এই ছবির একটি আইটেম গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। সম্প্রতি রাজধানীর মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
বাপ্পারাজ বলেন, ‘আমার সব কাজকর্মে বাবার অনুপ্রেরণা কাজ করে বেশি। ছবি পরিচালনার সিদ্ধান্তটিও বাবার অনুপ্রেরণায় নিয়েছি।’ তিনি এও বলেন, ‘অভিনয়ের ফাঁকে এর আগে আমি কিন্তু বেশ কয়েকটি নাটক ও টেলিছবি পরিচালনা করেছি। এখন থেকে নিয়মিতভাবে চলচ্চিত্র পরিচালনার কথাও ভাবছি।’
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। চলবে একটানা।
আইটেম গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মমতাজ বলেন, ‘গানের কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর ভিন্ন ধরনের গীতি কবিতার অন্যরকম সুরের একটা গান করলাম। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’