বাপ্পার'বেস্ট অব বাপ্পা মজুমদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার ভক্তদের জন্য একরকম সুখবরই বলা যায়। খুব শিগগিরই আসছে তাঁর নতুন গানের অ্যালবাম। তবে অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে না। এটি প্রকাশিত হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। বাপ্পা মজুমদারের নতুন এই অ্যালবামটির নাম ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’। এতে একটি ইন্সট্রুমেন্টাল ছাড়া মোট গান থাকবে সাতটি।

বেস্ট অব বাপ্পা মজুমদার অ্যালবামে বিভিন্ন সময়ে প্রকাশিত বাপ্পা মজুমদারের অ্যালবাম থেকে ছয়টি গান থাকবে। এগুলোর নতুন করে সংগীতায়োজনের কাজ এখন পুরোদমে চলছে। এরই মধ্যে দুইটি গানের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে বলেও জানান বাপ্পা মজুমদার। ছয়টি পুরোনো গানের নতুন সংগীতায়োজন ছাড়াও থাকবে একটি নতুন গান এবং সঙ্গে একটি ইন্সট্রুমেন্টাল।

বেস্ট অব বাপ্পা মজুমদার অ্যালবাম করার বিষয়ে আগ্রহী হওয়ার কারণ হিসেবে প্রথম আলো ডটকমকে বাপ্পা মজুমদার বলেন, ‘এখন পর্যন্ত আমার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রতিটি অ্যালবামে আমার নিজের কিছু ভালো লাগার গান আছে। সেগুলো হয়তো শ্রোতারা সেভাবে শোনেননি। সবগুলো অ্যালবাম থেকে নিজের পছন্দের গানগুলো একটি অ্যালবাম আকারে শ্রোতাদের সামনে তুলে ধরার ভাবনা মাথায় আসার পর তা নিয়ে পরিচিত মানুষদের সঙ্গে আলাপ করার পর তাঁরা আমাকে বেশ উত্সাহ দেন। এভাবেই বেস্ট অব বাপ্পা মজুমদার অ্যালবামের কাজ শুরু করা।’

বাপ্পা মজুমদার এও বলেন, ‘বেস্ট অব বাপ্পা মজুমদার প্রকল্পে প্রাথমিকভাবে তিনটি অ্যালবাম বের করার চূড়ান্ত পরিকল্পনা করেছি। পরে অ্যালবামের সংখ্যা বাড়তেও পারে।’

উল্লেখ্য, বাপ্পা মজুমদারের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮) এবং ‘বেঁচে থাক সবুজ’ (২০১২)।