বাপ্পির নতুন নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের আগে ফটোসেশনে বাপ্পি ও রাফিয়া তিশা
শুটিংয়ের আগে ফটোসেশনে বাপ্পি ও রাফিয়া তিশা

আরও একজন নতুন নায়িকার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী বাপ্পি চৌধুরী। এই নতুন নায়িকার নাম রাফিয়া তিশা। নতুন সিনেমার জন্য নায়িকার সঙ্গে ফটোসেশনও করেছেন বাপ্পি।

সাইবার ক্রাইমের ওপর নির্মিত এ সিনেমার নাম ‘গোপন সংকেত’। ছবিটি পরিচালনা করবেন তাজুল ইসলাম। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। কদিন আগে অভিনয়শিল্পীরা নতুন এই সিনেমার জন্য চুক্তি স্বাক্ষর করেন। এতে আরও অভিনয় করবেন অমিত হাসান, সিয়াম খান, মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল ও রোহান।

নবাগত নায়িকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘আসলে আমার কাজ অভিনয় করা। আমার নিজের সেরাটা দিয়ে কাজ করতে চাই। পাশাপাশি নতুনদেরও তো উঠে আসতে হবে। এমনিতেই নায়িকাসংকট। একজন নতুন অভিনয়শিল্পী যদি আসেন, তাহলে তো ভালোই হয়।’

পরিচালক বলেন, সিনেমাটির সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। সিনেমায় ছয়টি গানের মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। তারিক তুহিনের লেখা গানটি গেয়েছেন কলকাতার শিল্পী কল্পনা পাটোয়ারী ও হুমায়ূন। খুব শিগগির ছবিটির শুটিং শুরু হবে।