বাফটা মনোনয়ন পেলেন সুরজ শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি পরিচালিত ‘লাইফ অব পাই’ ছবির নাম ভূমিকায় নবাগত সুরজ শর্মার অনবদ্য অভিনয় এরই মধ্যে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস থেকে বছরের উদীয়মান তারকা বিভাগে মনোনয়ন পেলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী এ ছাত্র। এই বিভাগে মনোনীতদের মধ্যে একমাত্র পুরুষ অভিনয়শিল্পী তিনি। চলচ্চিত্রে নতুন প্রতিভাকে স্বীকৃতি দিতে বাফটার পক্ষ থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এ বছর সুরজ শর্মা ছাড়া আরও মনোনীত হয়েছেন মার্কিন অভিনেত্রী এলিজাবেথ ওলসেন, সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার, ব্রিটিশ অভিনেত্রী জুনো টেম্পল ও অ্যান্ড্রু রিজবরো। আগামী ১০ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করবে বাফটা। এক খবরে এমন তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।এর আগে এই পুরস্কার পেয়েছেন জেমস ম্যাকাভয়, টম হার্ডি, ইভা গ্রিন, শিয়া লেবেউফ এবং ক্রিস্টেন স্টুয়ার্ট।মান বুকার পুরস্কার পাওয়া ইয়ান মার্টেলের অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস ‘লাইফ অব পাই’ অবলম্বনে চার বছর আগে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন অ্যাং লি। রিচার্ড পার্কার নামের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে পাইয়ের শ্বাসরুদ্ধকর সমুদ্রযাত্রার কাহিনি অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তির সহায়তায় সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অ্যাং লি। ছবিটি মুক্তি পেয়েছে গত বছরের ২১ নভেম্বর। ২০১১ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়েছিল। শুটিং শুরুর আগে ছবির পাত্র-পাত্রী নির্বাচনে অ্যাং লি অনেক সময় নেন। বেশ কমাস ধরে শুধু ‘পাই’ চরিত্রের জন্য যোগ্য শিল্পী খুঁজে বেড়ান তিনি। চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য তিন হাজার তরুণ অডিশন দেন। তাঁদের মধ্য থেকে শেষমেষ দিল্লি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র সুরজ শর্মাকে নির্বাচিত করা হয়।