বাফটায় সেরা ছবি 'টুয়েলভ ইয়ারস এ স্লেভ'

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) অনুষ্ঠানের ৬৭তম আসরের পর্দা নেমেছে গতকাল রোববার। এ আসর থেকে এ বছর সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে ব্রিটিশ-আমেরিকান ছবি ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’। সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে চুইটেল এজিওফোর ও কেট ব্ল্যানচেট। আর সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেক্সিকান নির্মাতা এলফনসো কুয়ারন।
‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ যৌথভাবে প্রযোজনা করেছেন হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট। অনুষ্ঠানে অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ সেরা ছবি নির্বাচিত হলেও এবারের বাফটা আসরে সবচেয়ে বেশি বিভাগে পুরস্কার ঘরে তোলার সাফল্য দেখিয়েছে সায়েন্স-ফিকশন ঘরানার ‘গ্র্যাভিটি’ ছবিটি। মোট ছয়টি বিভাগে পুরস্কৃত হয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত এ ছবি। ছবিটির অসাধারণ নির্মাণশৈলীর জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে এলফনসো কুয়ারনকে। আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম বিভাগেও পুরস্কৃত হয়েছে ‘গ্র্যাভিটি’।
‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা চুইটেল এজিওফোর। আর উডি অ্যালেনের ‘ব্লু জেসমিন’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
সোমালীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা বারখাড আব্দিকে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার এনে দিয়েছে ‘ক্যাপ্টেন ফিলিপস’ ছবিটি। আর ‘আমেরিকান হাসল’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স।
মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কৃত হয়েছে কমেডি-ড্রামা ঘরানার মার্কিন ছবি ‘আমেরিকান হাসল’। আর অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছে ‘ফিলোমেনা’ ছবিটি। সেরা অ্যানিমেটেড ছবি নির্বাচিত হয়েছে ‘ফ্রোজেন’। আর সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ‘দ্য অ্যাক্ট অব কিলিং’। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার ঘরে তুলেছে ইতালির ‘দ্য গ্রেট বিউটি’ ছবিটি। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘রুম এইট’।
সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘গ্র্যাভিটি’। সেরা কস্টিউম ডিজাইন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবিটিকে। সেরা প্রোডাকশন ডিজাইন বিভাগেও পুরস্কৃত হয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবাই’।
এ ছাড়া বিশেষ দুটি পুরস্কার রাইজিং স্টার এবং আউটস্ট্যান্ডিং ডেব্যু ব্রিটিশ রাইটার ডিরেক্টর অর প্রোডিউসার জিতে নিয়েছেন যথাক্রমে ব্রিটিশ অভিনেতা উইল পলটার এবং ব্রিটিশ লেখক-নির্মাতা কিয়েরান ইভানস।