ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাফা বাংলাদেশে সুষ্ঠু, সাংস্কৃতিক প্রজন্ম সৃষ্টিতে অবদান রেখেছে। দেশের জন্য, বাঙালি সংস্কৃতিকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে বুলবুল চৌধুরী যে উদ্যোগ নিয়েছিলেন, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই সাংস্কৃতিক যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অক্ষুণ্ন রাখতে হবে।
বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তরা এমন মন্তব্য করেন।
আলোচনা, গানে, নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উদ্যাপিত হলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) ৬০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠান।
গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ কাজী ফিরোজ রশীদ, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ভারতের নৃত্যগুরু অজিত সান্যাল, নৃত্যশিল্পী লায়লা হাসান। সভাপতিত্ব করেন বাফার সভাপতি মো. হাসানুর রহমান। এ সময় নৃত্যগুরু অজিত সান্যাল ভারত থেকে নিয়ে আসা বুলবুল চৌধুরীর কবরের মাটি হস্তান্তর করেন সংগঠনের হাতে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরের পরিবেশনায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সোহেল রহমানের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা মঞ্চস্থ হয়।