বাবা আমার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবাই শ্রেষ্ঠ বাবা’—বাবার প্রতি সন্তানের ভাবনাটা এমনই। ২০ জুন বিশ্ব বাবা দিবস। আমাদের সংস্কৃতি অঙ্গনে এমন অনেক পরিবার আছে, যে পরিবারে বাবা ও সন্তান দুজনই তারকা। বাবা দিবস উপলক্ষে তেমনই পাঁচ তারকাসন্তান লিখেছেন তাঁর প্রিয় বাবার উদ্দেশে।সুবর্ণা মুস্তাফাআমার বোবা (বাবাকে ‘বোবা’ বলে ডাকতাম আমি) গোলাম মুস্তাফা। তাঁর মৃত্যুর পর প্রতিটি মুহূর্তেই আমি তাঁকে স্মরণ করেছি। অনুভব করেছি তাঁর অনুপস্থিতি। মনে আছে, মঞ্চে আমার কাজ দেখে তিনি খুবই খুশি হতেন। উৎসাহ দিতেন। টিভি নাটকের প্রসঙ্গে বলি, একবার একটি নাটকে অভিনয় করলাম। নামটা এ মুহূর্তে মনে পড়ছে না। আমি আর বোবা একই সঙ্গে নাটকটি দেখলাম। নাটকের শেষ দৃশ্যে ছিল, আমার ক্যানসার হয় এবং আমি মারা যাই। বোবা নাটকটি দেখে বললেন, এ ধরনের কাহিনির নাটকে কাজ কোরো না তো।নাটকটি বোবার মনে এতটাই স্পর্শ করেছিল যে তিনি আমাকে এ ধরনের নাটকে কাজ করতে বারণ করেছিলেন। সন্তানের মৃত্যুর এমন দৃশ্য হয়তো তাঁকে কষ্ট দিয়েছে। আমি মনে করি, এখানে ছিল আমার এবং আমার নাটকটির সার্থকতা। বোবা খুব চাইতেন, আমি যেন কবিতা আবৃত্তিটা নিয়মিত করি। মঞ্চনাটকে আমার সংলাপ শোনার পর তিনি প্রায়ই বলতেন, কবিতা আবৃত্তিটা নিয়মিত কর। আমার ইচ্ছাও আছে, সব কাজের পাশাপাশি আবৃত্তিটা করব। একটা অ্যালবামও করার ইচ্ছা আছে।মানুষ বা অভিনয়শিল্পী গোলাম মুস্তাফা—যাঁর কথাই বলি না কেন, তিনি ছিলেন অনেক বটবৃক্ষের মতো। অনেক উঁচুতে থেকে তিনি আমাদের ছায়া দিতেন। আমার ব্যক্তিজীবনে যে ঘটনা ঘটল, বোবা বেঁচে থাকলে হয়তো তাঁর সান্নিধ্য আমাকে আরও বেশি গোছালো করে তুলতে পারত। বোবার সঙ্গে অনেক কিছুই শেয়ার করতাম। কোনো কিছু হলেই ফোন করতাম। এখনো মাঝেমধ্যে ইচ্ছে করে, বোবাকে একটা ফোন করি। কিন্তু বোবা যে জায়গায় চলে গেছেন, সেখানে যোগাযোগের কোনো মাধ্যম নেই। বোবা নেই, তবুও সব কাজে বোবাকে অনুভব করি, মনে হয় বোবা তো আমার সঙ্গেই আছেন। তাঁর কণ্ঠ যেন এখনো শুনতে পাই। বোবা, তুমি আমার কথা শুনতে পাও তো? (অনুলিখিত)সামিনা চৌধুরীপানির স্রোতের মতো সময় চলে যাচ্ছে একটু একটু করে...। কতগুলো সময় যে চলে গেল বাবাবিহীন...এই বাবাবিহীন জীবন কেমন অশান্ত-অস্থির-বেদনার এবং অসম্পূর্ণ একাকী, তা বোঝানোর জন্যই বুঝি বাবা হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন। কত সুখস্মৃতি তাঁকে নিয়ে; দুঃখের স্মৃতিও কম নয়।আনন্দ, ভালোবাসা, রাগ আর অভিমান—এ চারটির সংমিশ্রণে যে অনুভূতির ঘরটি তৈরি হয়েছে আমার মনের ভেতর, সে ঘরে গেলে, জমিয়ে রাখা হাজারো রাগ-অভিমান-দুঃখের মধ্যে একটু করে যে জিনিসটি হীরকখণ্ডের মতো জ্বলে ওঠে, তা আমার মমতাময় বাবার একটি সুখছবি; যা সূর্যের মতো সত্য ও আলোময়। বাবার জন্য আমার অনুভূতিটা অনেকটা নয়, পুরোটাই এমন। কখনো অভিমান, আবার কখনো বা মায়ায় ভরা। সংসার হয়েছে, আলাদা, তথাপি মনের ভেতর বাবা-মায়ের জন্য তৈরি করা ঘরটি এত মজবুত ও সদা জাগ্রত, সদা ক্রন্দনরত; যা আমাকে একটু বেশি আবেগী করে রাখে।হঠাৎ করে আব্বার কথা শুনলেই আবেগী হয়ে যাই, মায়ের কথা ভেবে আকুল হয়ে যাই...এ কেমন এক অনুভূতি—অভিমান ও ভালোবাসায় সর্বদা ডুবে থাকে। আমি একটু বিদ্রোহী ধরনের মেয়ে ছিলাম ছোটবেলা থেকেই। এখনো তা-ই আছি। অন্যায়ের সঙ্গে আপস হয় না। চেষ্টা করি মাঝেমধ্যে, পারি না। বাবার সঙ্গে অভিমান করে নাম পাল্টে ফেলেছি বটে, সেটা আমার বিদ্রোহের প্রকাশ। তবে কেউ বুঝুক বা না-ই বুঝুক, আমার বাবাকে আমি—হ্যাঁ, ভালোবাসি। একটা গল্প আছে না, ‘লবণের মতো ভালোবাসা’—ঠিক তেমনই। আমার বাবাকে আমি লবণের মতো ভালোবাসি।সেই ১৯৯০ সালের ২০ ডিসেম্বর ভোরে বাবাকে হারানোর এবং আমার অভিমানগুলো বলতে না পারার যে অনুতাপ-আক্ষেপ শুরু হয়েছে, তার বোঝা আজও বয়ে বেড়াচ্ছি। কত কথা ছিল আব্বার সঙ্গে। আমাদের ছেলেমেয়ে অর্থাৎ বাবার নাতি-নাতনিকে দেখানো হলো না। আব্বা নাতি-নাতনিকেও আম মেখে খাওয়াতে পারলেন না। কত গান, কত সুর আরও শেখার ছিল আব্বার কাছে। আমার তো প্রতিটি দিবসই বাবা-মা দিবস। বাবাকে অনেক কিছু বলতে ইচ্ছে করে। আজ বাবা দিবসে আব্বাকে চিৎকার করে বলছি, ‘বাবা, তোমার মেয়ে তোমার ওপর রাগ-অভিমান করে নাম পাল্টেছিল, উদাসীন মায়াময় বাবা আমার, তুমি আমাদের ওপর রাগ কোরো না, আমরা তোমার ওপর কোনো রাগ রাখিনি। আমি তোমাকে খুঁজি সবখানে সর্বদা। তোমার সুর আমার কণ্ঠে। তোমার সরলতা, আদর্শ আমার মধ্যে তুলে ধরতে চাই। তোমার সেই আম মাখিয়ে খাইয়ে দেওয়া, প্রতিদিন ফিরতি পথে হাতে আমাদের জন্য কিছু না-কিছু আনা—এসব কি ভুলতে পারি, বাবা? বাবা বাবাই।আমার বাবা শ্রেষ্ঠ বাবা। সহজ, সরল, হিংসা-বিদ্বেষহীন, নিঃস্বার্থ একজন আদর্শ শিল্পী, যাঁর সততা ও আদর্শ নিয়ে আমিও পথ চলছি। যখনই গান গাইতে যাই, তখনই তোমাকে দেখতে পাই, বাবা, বিশ্বাস করো। তোমার আর মায়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন, সে তো আজও স্বর্গীয়। আমি তোমাদের জন্য গর্বিত। এমন মা-বাবার ঘরে জন্ম আমার। বাবা, যেখানে আছো, আল্লাহতাআলা তোমাকে শান্তিতে রাখুন, জান্নাতে হোক তোমার বাস। আমাদের জন্য মন খারাপ কোরো না। ক্ষমা করো আমাদের। আর আমাদের জন্য দোয়া করো, বাবা।বাপ্পারাজশিশুকাল থেকেই বাবার সঙ্গ খুব বেশি একটা পাইনি। কেমন করে পাব?রোজ সকালে উঠে স্কুলে চলে যেতাম। বাবা তখন ঘুমের বিছানায়।দুপর গড়িয়ে বিকেল হলে বাসায় ফিরতাম। যখন আমি ঘুমের বিছানায়, বাবা তখন বাড়ি ফেরেন।মা-ই ছিলেন আমার সব।শুক্রবারটা বাবা কাজ করতেন না। এদিন বাবা কাছে ডেকে নিতেন। কিন্তু খুব বেশিক্ষণ বাবাকে কাছে পেতাম না। সকাল থেকেই পরিচালক-প্রযোজকেরা এসে বাসায় ভিড় জমাতেন। এর শিডিউল, ওর সমস্যা। আবার সন্ধ্যা হলেই বাসায় জমকালো পার্টি। কোনো না-কোনো উপলক্ষ তো লেগেই আছে।অভিমান হতো বাবার ওপর। মনে হতো, একটু দূরে সরে যাচ্ছেন বাবা। একদিন বাবা আমাকেও চলচ্চিত্রে নিয়ে এলেন। দেখলাম, বাবা রে, তাঁর কী রাগ! শুটিং স্পটে পান থেকে চুন খসলে, বাবার রক্তচক্ষু দেখে অনেকেই থরথর করে কাঁপতেন। অথচ চিরসবুজ এই নায়কের মিষ্টি হাসি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। যখন কাঁদতেন, তখন আমি নিজেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম। এরই মধ্যে শুরু হলো আমার অভিনয়জীবন। বাবার সঙ্গে আমার মতের মিলের চেয়ে অমিলই বেশি। এ নিয়ে বাবা অনেক বকাঝকা করেছেন। তীব্র অভিমান নিয়ে বাবার চোখের সামনে থেকে সরে যেতাম। কিন্তু বুঝতে দিতাম না। শুটিংয়ের সময় বাবা চিল্লাচিল্লি করতেন। ‘বাপ্পা, হচ্ছে না। এভাবে নয়। ওভাবে করো। আমি যুক্তি দিয়ে বাবাকে বলতাম, ওটা তুমি তোমার যুগে করেছ, বাবা। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন আমার মতো করে করতে চাই। এ নিয়ে যে কতবার বাবা রাগ করেছেন, তা কি আর বলার অপেক্ষা রাখে। এই তো কিছুদিন আগেও বাবা একটি ছবি বানালেন। শুনলাম ছবি মুক্তির সময় সবাই নাকি ভিডিও চোরদের টাকা দিচ্ছে। এতে ছবি পাইরেসি হয় না। বাবাকে বললাম, টাকাটা দাও। বাবা বললেন, ‘আরে নাহ্। আমি আবদুর রাজ্জাক। আমার ছবি কে পাইরেসি করবে। কপাল! ছবি দুই সপ্তাহের মধ্যে পাইরেসি হলো। বাবা একদিন হতাশ হয়েই বললেন, আমি বুঝতে পারিনি।বাবার এটুকু কণ্ঠ শুনেই আমার আত্মাটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল, যদি কোনো কিছু দিয়ে বাবার কষ্টটা দূর করে দিতে পারতাম। বাবার অনেক সমালোচনা আমি করি। কিন্তু এই মানুষটি আমার জন্য কী না করেছেন। আমি বাপ্পা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এ জন্য সব ব্যবস্থাই করেছেন।যেমন ধরুন, বিয়ের কথাই। আমি ভালোবেসে একজনকে বিয়ে করব। বাবা তো হম্বিতম্বি শুরু করে দিলেন। আমি মেয়েটিকে ভাগিয়ে এনে বিয়ে করলাম। তিনি তো খুবই রাগ। কিন্তু আমি জানতাম যে বাড়িতে যখন বউ তুলব, সবার আগে তিনিই বরণ করে নেবেন।বাড়িতে গেলাম। বাবা এগিয়ে এলেন। চোখে তাঁর পানি, মুখে হাসি। আমি বাবার চোখে চোখ রাখতে পারিনি। বাবা বুকে জড়িয়ে নিলেন। শিশুর মতো কাঁদতে ইচ্ছা করল।সত্যি, বাবার রাগের ভেতর যে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে, সেটি আমি সেদিন উপলব্ধি করেছি। এখনো বাবা সকাল হলে খোঁজ করেন, বাপ্পা কোথায়? সকালে নাশতা করেছে কি? বাবার কাছে আমি যেন সেই আগের ছোট্ট শিশুটিই রয়ে গেছি। বাবাকে একটি কথাই বলতে চাই, ‘বাবা, আমি তোমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি।’ এ জীবনে আমি যদি আর কিছু নাও পেতাম, তবুও দুঃখ থাকত না। কারণ, আমি রাজ্জাকের সন্তান। এ আমার অনেক বড় গর্ব ও অহংকার। (অনুলিখিত)বিপাশা হায়াতআব্বু, আমি আজ বহু বহু বছর পর তোমাকে একটি চিঠি লিখতে বসেছি। ১৯৭৮ সালে তুমি যখন লিবিয়া গিয়েছিলে, তখন আমার সাত বছর বয়স। ক্লাস থ্রিতে উঠেছি। কাঁচা হাতে তোমাকে কিছু চিঠি লিখেছিলাম। সেই চিঠি লেখার সময় আমার চোখের জলে ভেসে যেত চিঠির কাগজ। কখনো জিজ্ঞেস করা হয়নি, তুমি যখন সেই দূর দেশে বসে তোমার এই অতি আবেগপ্রবণ ছোট্ট মেয়ের চিঠি পড়তে, তোমাকে ছেড়ে থাকার বেদনায় তার ছোট্ট মনের ব্যথা তুমি বুঝতে পারতে তো? আজ এই চিঠি লিখতে বসেও মনে হচ্ছে, তোমার কাছে আমি সেই ছোট্ট মেয়েটিই রয়ে গেছি। একইভাবে আমার চোখ জলে ভেসে যাচ্ছে। ওই যে আমার মেয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।‘মা, তুমি কাঁদছ কেন?’‘এমনি।’আরিশা ভাবছে, এমনি এমনি আবার বড়রা কখনো কাঁদে?আসলে ইদানীং ছোটবেলার কথা ভীষণ মনে হয়।জানি না, কেন! অসম্ভব নস্টালজিক হয়ে গেছি। আরিশা যখন তার বাবার কোলে ওঠার জন্য ছুটে যায়, আমি ওর ভেতর আমাকে দেখি। আমি দেখি, অসংখ্য রং-পেনসিল আর সাদা খাতা নিয়ে তুমি আমাকে স্বপ্নরাজ্যে নিয়ে গেছ। সেই তো আমার রঙের প্রতি আকর্ষণের শুরু। এখন সত্যি আমি সে রাজ্যে বসবাস করি। তৌকীর আমার ছবি আঁকার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে। সেখানে অসংখ্য রং, কাগজ, তুলি, কলম ও ক্যানভাস ছড়ানো। আর আমার বই পড়া? তোমার মনে আছে, আমার জীবনের প্রথম বইটার কথা? রাশিয়ান বই, ‘মাশার বালিশ’। আমি মনে করতাম, আমিই সেই ছোট্ট মাশা। কী আনন্দ! কী আনন্দ বইয়ের রাজ্যে! তোমার যে অসংখ্য বইয়ের ভেতর বসবাস, সেটা আমাকে অত ছোটবেলায়ই আকর্ষণ করেছিল। মনে হতো, আব্বুর বইগুলো আমাকে পড়ে শেষ করতে হবে। মনে হতো, বইয়ের পাতায় পাতায় কী যেন এক অসম্ভবের হাতছানি আছে। জন্মদিন, ঈদ এলে আমি বলতাম, আমার কিছু চাই না। আমি বই চাই, আব্বু। তুমি বিদেশে যাচ্ছ, ‘বিপাশার জন্য কী আনব? লিস্ট দাও।’ আমি সব সময় তোমার হাতে বইয়ের লিস্ট ধরিয়ে দিতাম। কোনো দিন বলোনি ফিরে এসে, এই বইটা পাওয়া যায়নি।তুমি কি জানো আব্বু, (নিশ্চয়ই জানো এবং দেখেছ) এখন তোমার মতোই বড় একটা বইয়ের সংগ্রহশালা হয়েছে আমাদের। আমার আর তৌকীরের। এখানে তোমার কিছু বইও রয়ে গেছে। পড়তে এনে আর ফেরত দেওয়া হয়নি। যেমন সুনীলের রানু ও ভানু। সেলিনা হোসেনের কাঠ কয়লার ছবি। সোফোক্লেসের ইডিপাসটা কি ফেরত দিয়েছিলাম? খুঁজে দেখো তো, তোমার শেলফে আছে কি না?জানো, কিছুদিন আগে ঢাকার বাইরে এক টমেটো খেতে গিয়েছিলাম। হঠাৎ অতীতের ঘ্রাণ এসে নাকে লাগল। একবার আমার বয়স তখন পাঁচ, তুমি ঢাকা ওয়াসায় চাকরি করতে। লাল টুকটুকে ব্র্যান্ড নিউ জিপ তোমার। তুমি বাইরে যাচ্ছ। আমি বললাম, ‘আব্বু, কোথায় যাচ্ছ, আমিও যাব।’তুমি মানা করলে না।শুধু আমার গায়ের মলিন জামাটা বদলে তোমার সঙ্গে জিপে চড়ে বসলাম। তুমি আর ছোট্ট আমি। মাথায় দুটো ঝুঁটি। তখন পড়ন্ত বিকেল। আমরা যাচ্ছি পাগলায়। তোমার ইঞ্জিনিয়ারিং সাইটে। একটু দূরে গাড়ি রেখে আমরা হাঁটতে থাকলাম টমেটো খেতের ভেতর দিয়ে। আমি বাঁ হাত দিয়ে শক্ত করে তোমার ডান হাতের তর্জনীটা ধরে আছি। টমেটোগুলোতে মাত্র লাল রঙের ছোঁয়া লাগতে শুরু করেছে। খসখসে সবুজ পাতায় হিম পড়ে অদ্ভুত এক ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। আব্বু, এখনো আমার নাকে সেই ঘ্রাণ লেগে আছে।তুমি যেকোনো কাজে গেলেই আমি যাওয়ার জন্য বায়না ধরতাম। অফিসের কাজ হোক, নাটকের কাজ হোক, হোক মঞ্চের রিহার্সেল বা বিটিভির রেকর্ডিং। আচ্ছা আব্বু, তুমি বিরক্ত হতে না? যখন যা চেয়েছি, হাসিমুখে নিয়ে আসছ, যা প্রশ্ন করছি, কারণে-অকারণে হাসিমুখে উত্তর দিচ্ছ।‘আব্বু, তরমুজের বাইরে সবুজ, ভেতরে লাল কেন?’‘আনারসের চোখ দিয়ে কি দেখা যায়?‘পানিফলের ভেতর পানি নেই কেন?’আগামী ২০ জুন বিশ্ব বাবা দিবস। এটা আমি মানতে পারছি না। তোমার জন্য বছরে একটি মাত্র দিন থাকবে কেন? আমি তো প্রতিদিনই আমার মা-বাবাকে ভালোবাসি। প্রতিদিন। প্রতিমুহূর্তে। তাহলে? আব্বু, আজ কি তোমার শুটিং চলছে কোথাও? নিশ্চয়ই চলছে। হয় উত্তরা, কালিয়াকৈর বা পুবাইল অথবা বাংলাদেশের আনাচ-কানাচে। সত্যি বিস্মিত হয়ে ভাবি, আমি কত অল্প সময়েই অভিনয় করে ক্লান্ত। অথচ তুমি শীত-গ্রীষ্ম, ঝড়-বাদল—সব অগ্রাহ্য করে কী অসীম সততা, পরিশ্রম, ভালোবাসা আর আনন্দ নিয়ে এই শিল্পের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছ। সারা দিন কাজ থেকে ফিরেও কোনো ক্লান্তি নেই তোমার। সবার সাধ পূরণ করছ—নাতি-নাতনি, মেয়ে সবার। আমাকে অনেকে বলে, আপনার আব্বা ক্লান্ত হন না?‘জি না। নাটকের কাজে আব্বুর ক্লান্তি নেই। ঘরে বসে থাকলেই ক্লান্ত হয় আমার বাবা।’ আমার তো মনে হয় তুমি ক্লান্ত হও সমাজের অসংগতির কারণে। মানুষের অসততা, চালাকি, ভণ্ডামি বলা যায় মানুষের অন্ধকার দিক তোমাকে ক্লান্ত করে। ঠিক না আব্বু?তোমার স্বচ্ছ সাদা মনে তুমি মানুষের অধঃপতনের বিরুদ্ধে পত্রিকার পাতায় লেখো। তোমার লেখা প্রতিটি নাটকে অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আসার জন্য আহ্বান জানাও।এখন আমিও নাটক লেখার সময় ভাবি, এত শক্তিশালী একটা মাধ্যম টেলিভিশন। এর মধ্য দিয়ে কেন আমিও তোমার মতো চেষ্টা করি না মানুষকে তার ভুল ধরিয়ে দিতে বা আলোর সন্ধান দিতে।আমার নিজের ভেতরেই অনেক অন্ধকার দিক আছে, আমি জানি। আমি তোমার মেয়ে, তবু তোমার মতো স্বচ্ছতা নিয়ে আমি জন্মাইনি। কিন্তু মনে হয়, এমন মা-বাবার সন্তান হয়ে নিজেকে আরেকটু বদলাই না ভালোর দিকে। নিজের কথাও বলি, আমি আমার নাটকে। পারছি আমি, আব্বু? নিজেকে বদলাতে অথবা নাটক লিখতে? পারছি আমি? কিছু কি পারলাম? তোমার অভিনয় দেখে সেদিনও ভাবছিলাম, ছোটবেলায় তোমার অক্লান্তভাবে ডায়ালগ মুখস্থ করা, চরিত্র নিয়ে ভাবা, তারপর অসাধারণ অভিনয়—তার ধারেকাছেও তো যেতে পারিনি। তবে চেষ্টা করে গেছি। চেষ্টা করেছি তোমার সম্মান যেন আমার কারণে কখনো নষ্ট না হয়। আমার আব্বু যেন আমার কারণে কোথাও কোনো দিন ছোট না হয়। তোমাকে দেখে বুঝেছি, সবকিছুর ওপরে মানুষকে ভালোবাসা, সম্মান করা, তার ওপরে দেশকে ভালোবাসা; দেশকে সম্মান জানানো।দোয়া কোরো, সেখান থেকে যেন কখনো বিচ্যুত না হই।সেদিন তৌকীরের জ্বর ছিল বলে তুমি সকালে শুটিংয়ে যাওয়ার পথে ওকে দেখতে এসেছিলে। যাওয়ার সময় যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলে, আমার ইচ্ছে হলো, সেই ছোটবেলার মতো তোমার হাতের আঙুল ধরে বলি—‘আব্বু, আমিও যাব।’ইচ্ছে হলো তারপর আমি আবার ছোট্ট হয়ে কোনো পড়ন্ত বিকেলে একটা বিশাল মাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে তোমাকে অর্থহীন সব প্রশ্ন করে ক্লান্ত করে দিই। তারপর আমার এত ঘুম পাবে যে আর হাঁটতে পারব না। তুমি সেটা বুঝে আমাকে কোলে তুলে নেবে।আমি তোমার কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ব।তুমি নেমে গেলে সিঁড়ি দিয়ে। আমি দৌড়ে আমার বেডরুমের জানালা দিয়ে তোমার গাড়িটা বেরিয়ে যেতে দেখলাম। তোমাকে ডাকতে পারলাম না। কারণ এখন আমি অনেক বড় হয়ে গেছি, আব্বু। আমার সংসার আছে। কত দায়দায়িত্ব আমার সেখানে। সব ফেলে কি আমি আব্বুর সঙ্গে যেতে পারি? লোকে আমাকে বোকা বলবে না? আমি ঝরঝর করে কাঁদছি। তৌকীর কান্নার শব্দে ভয় পেয়ে বলল, ‘কী হয়েছে?’‘কিছু না।’‘বলো না, আমাকে।’‘আব্বুর জন্য মন খারাপ লাগছে।’ও আমার মাথায় হাত রাখল মমতায়।আমার কান্না আরও বাড়ল।আরীব, আরিশা ছুটে এসে মন খারাপ করল, ‘মায়ের কী হয়েছে, বাবা?’তৌকীর বলল, ‘মা, নানের জন্য মন খারাপ করেছে।’মানুষ কত কিছু আবিষ্কার করেছে। কিন্তু টাইম মেশিনটা যে কেন আবিষ্কার করতে পারছে না, বুঝতে পারছি না।মাঝেমধ্যে আরিশার মতো তোমার ছোট্ট মেয়ে হয়ে যেতে আমার ভীষণ ইচ্ছে করে। আর জানোই তো, আব্বু, তোমার এই মেয়েটা এত এত এত বেশি বেশি আবেগপ্রবণ যে তখন—থাক, তোমার মনটা খারাপ হোক, আমি চাই না।আব্বু, আমার সব কাজের উৎস তুমি। আমার সমস্ত শুরু তোমার কাজের ভেতর থেকেই।তুমি ভালো থাকো।অনেক ভালো থাকো। আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া কোরো যেন মানুষ হিসেবে ওদের জীবন অর্থপূর্ণ হয়। মানুষের কল্যাণই যেন ওদের জীবনের ব্রত হয়। (আবুল হায়াত ও বিপাশা হায়াতের ছবিটি ‘রং’য়ের সৌজন্যে)হাবিব ওয়াহিদছোটবেলা থেকে এখন পর্যন্ত বাবাই আমার সবচেয়ে ভালো বন্ধু। তাঁর সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলার অনুশীলন শৈশব থেকেই। যেমন প্রথম কবে সিগারেট খেয়েছি, স্কুলে পড়াকালীন ভালো লাগার মানুষ কে কে—সবই বাবার সঙ্গে ভাগাভাগি করেছি। অবশ্য আমার মায়ের সঙ্গেও আমার সম্পর্কটা এমনই। এটা হয়তো সম্ভব হয়েছে আমি তাঁদের একমাত্র সন্তান বলেই।বাবা ভীষণ স্বাপ্নিক। বিশ্বস্ত। কিছু বিষয়ে তাঁর বুদ্ধি-পরামর্শ খুব ভালো। যেকোনো সন্তানের ভাগ্যে যদি আমার বাবার মতো এমন বন্ধু মেলে, তবে তাঁকে ঘরের বাইরে যেতে হবে না।গান-বাজনার প্রতি আমার আগ্রহ সেই শৈশব থেকেই। বিষয়টা তিনি আমার ওই বয়সেই বুঝে ফেলেছিলেন। আশির দশকের শুরুর দিকের কথা বলছি। আমার বয়স তখন ছয়-সাত হবে। বাবা তাঁর মিউজিক লাইনআপ নিয়ে (কি-বোর্ড, ড্রামস, গিটার) নিয়মিত অনুশীলন করতেন। একবার হলো কী, অনুশীলন শেষে বন্ধুদের নিয়ে বাবা আড্ডা মারছেন, হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ ভেতরে তাঁর গাওয়া একটা গানের সুর কি-বোর্ডে বাজাচ্ছে। ভেতরে গিয়ে তিনি আমাকে আবিষ্কার করলেন। তখনই হয়তো তিনি বুঝে গিয়েছিলেন, আমার ভেতর মিউজিক আছে। যার কারণে পরবর্তী সময়ে তাঁর অনুশীলনে গিয়ে আমি শত যন্ত্রণা দিলেও তিনি কিছুই বলতেন না।একটা ঘটনা বলি। বাবা তাঁর একটা শোতে আমাকে নিয়ে গেছেন। তিনি মঞ্চে গান গাইছেন। হঠাৎ টের পেলেন, গানের সঙ্গে কঙ্গো বাদন ঠিক মিলছে না। পেছনে ফিরে দেখেন, কঙ্গোটা আমি বাজাচ্ছি। তিনি গান থামিয়ে আমাকে কিছু না বলে কঙ্গোবাদককে খুব বকা দিলেন, কেন সে আমাকে বাজাতে দিল।আমরা দুজনই একই পেশায় এসেছি। এ ক্ষেত্রে বাবার সঙ্গে আমার চিন্তাভাবনাগুলো একই রকম। তবে মাঝেমধ্যে কিছু ব্যাপারে মতানৈক্য দেখা দেয়। বাবার সঙ্গে কোনো বিষয়ে আমার ভুলভ্রান্তি হলে আমি পরে আবার সুধরে নিই।যেকোনো বিষয়েই বাবার পরামর্শ আমাকে অনুপ্রাণিত করে, সামনে এগিয়ে নিয়ে যায়। (অনুলিখিত)