বাবা আমার 'হিরো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কারিনা, সোনম, সোনাক্ষী কিংবা শ্রদ্ধা—এ সময়ের এই অভিনেত্রীদের বাবারা তো পর্দার সামনেও ‘হিরো’, পেছনেও। তাই তাঁদের নিয়ে নতুন করে কী আর বলা যায়? তবে এ সময়ের এমন আরও কিছু আলোচিত অভিনেত্রী রয়েছেন, যাঁদের বাবা বড় পর্দায় হিরোগিরি দেখান না, বরং সত্যিকার অর্থেই কন্যাদের কাছে নায়কসুলভ অবতার। আজ থাকছে তেমনই কয়েকজন বাবার গল্প।

আনুশকা শর্মা
আনুশকা শর্মা

মেয়ের মতো হওয়ার উপদেশ দিয়ে বেড়ান
আনুশকার বাবা অজয় কুমার শর্মা
আনুশকা তাঁর প্রায় সব সাক্ষাৎকারেই মা অসীমা শর্মার অবদানের কথা বলে থাকেন। কিন্তু তাঁর অভিনয়জীবনে বাবা অজয় কুমার শর্মাও কোনো ‘হিরো’র চেয়ে কম নন। টুইটার, ইনস্টাগ্রামে প্রায়ই আনুশকা তাঁর সেই ‘হিরো’র কথা বলেন। আর গর্বিত মেয়ের বাবা হিসেবে অজয়ও জনে জনে বলে বেড়ান আনুশকার অর্জনগুলোর কথা।

বাবার সঙ্গে ছোট্ট আনুশকা
বাবার সঙ্গে ছোট্ট আনুশকা


ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন অজয়। এখনো সেনা কর্মকর্তাদের বিভিন্ন অনুষ্ঠান ও সরকারি আয়োজনে নিয়মিত অংশ নেন। আর সেসব অনুষ্ঠানে নাকি বাবা অজয় কুমার শর্মা শুধু মেয়ের কথাই বলেন। সেনাসদস্যদের সন্তানদের শোনান মেয়ে আনুশকার সাফল্যের গল্প। তাঁর ঘনিষ্ঠ সহকর্মী ও অনুজদের সন্তানেরাও যেন আনুশকার মতো অভিনয়কে পেশা হিসেবে নিতে দ্বিধা না করে, সে জন্যও সাহস জোগান তাদের। মোদ্দা কথা, মেয়ের সাফল্য বাবা অজয়কে রীতিমতো ‘বলিউড কাউন্সিলর’ বানিয়ে দিয়েছেন!

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

মন্দ-ভালোয় পাশেই আছি
কঙ্গনার বাবা অমরদ্বীপ রনৌত
কঙ্গনা রনৌতের প্রপিতামহ সুরজ সিং রনৌতের নামেই হিমাচল প্রদেশের সুরজপুর গ্রাম। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠজন। এখনো কঙ্গনার সংগ্রহে আছে সুরজ সিং রনৌতের কাছে গান্ধীর হাতে লেখা চিঠি। তাঁর প্রপিতামহ সেই ব্রিটিশ আমলে তাঁদের গ্রামের একমাত্র ইংরেজি জানা গ্র্যাজুয়েট ব্যক্তি ছিলেন। ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন তিনি। সে সময় সুরজ সিংই তাঁদের গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। এখনো হিমাচলে কঙ্গনার পরিবার থাকে ২৫ কক্ষের এক বিশাল বাংলোবাড়িতে। তাহলে বুঝতেই পারছেন, কতটা বনেদি এই অভিনেত্রীর পরিবার। তাই তো কঙ্গনা যখন বলিউডে নাম লেখাবেন বলে মনস্থির করলেন, তখন তঁার বিরোধিতা করেছিলেন দাদা। বলিউডে চলে আসায় দাদার কথামতো কঙ্গনার বাবা অমরদ্বীপ রনৌতও মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

কঙ্গনা ও তাঁর বাবা
কঙ্গনা ও তাঁর বাবা


মেয়ে যখন ধীরে ধীরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন, তখন অমরদ্বীপ নিজের বাবার মতের বিরুদ্ধে গিয়ে মেয়ের পাশে এসে দাঁড়ালেন। এমনকি এখন যখন কঙ্গনা রনৌত অভিনেতা হৃতিক রৌশনের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন, তখনো কোনো সংশয় ছাড়া বাবা আছেন কঙ্গনার সঙ্গেই। তিনি বলেছেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। সে তার জীবনের প্রতিটি ধাপেই সংগ্রাম করেছে। নিজেকে প্রমাণ করেছে। তার সংগ্রাম ও সাফল্য এ সময়ের মেয়েদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই তার জীবনের প্রতিটি ধাপেই আমি তার সঙ্গে আছি।’

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

‘কুল’ বাবার ‘কুল’ মেয়ে
জ্যাকুলিনের বাবা এলরয় ফার্নান্দেজ
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের বাবা এলরয় ফার্নান্দেজ পেশায় একজন ডিস্ক জকি, অর্থাৎ ডিজে। তাই ছোটবেলা থেকেই ‘কুল’ বাবা এলরয় জ্যাকুলিনের অনুপ্রেরণা ছিলেন। কিন্তু এখন সময়ের পালাবদলে মেয়ে জ্যাকুলিন হয়ে উঠেছেন বাবা এলরয়ের ‘আইকন’! কিছুদিন আগে নাকি ডিজে হিসেবে দুবাইয়ের একটি ক্লাবে গিয়েছিলেন এলরয় ফার্নান্দেজ। সেখানে তরুণ-তরুণীরা একটু পরপর এলরয়ের কাছে কখনো রয় ছবির ‘সুরাজ ডুবা হ্যায়’, কখনো-বা কিক ছবির ‘জুম্মে কি রাত’ গানগুলো বাজানোর অনুরোধ করছিলেন। আর বাবা এলরয় তখন মুচকি মুচকি হেসে উঠছিলেন।

ছোটবেলায় বাবার কোলে জ্যাকুলিন
ছোটবেলায় বাবার কোলে জ্যাকুলিন


কারণ, ভিড়ের ভেতরে থাকা তরুণ-তরুণীরা কী করে জানবে, যে অভিনেত্রীর ছবির গান বাজানোর অনুরোধ করছে এলরয়কে, সেই অভিনেত্রীটি আসলে তাঁরই মেয়ে!

কৃতি শ্যানন
কৃতি শ্যানন

মেয়ের সাফল্য উদ্যাপন করে যে বাবা
কৃতির বাবা রাহুল শ্যানন
চার্টার্ড অ্যাকাউনট্যান্ট রাহুল শ্যাননের মেয়ে কৃতি। পরিবারের আগে-পিছে কারোরই বলিউডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তাই মেয়ে যে বড় হয়ে নায়িকা হবেন, এমনটা কখনোই ভাবেননি রাহুল। মেয়েকে পড়িয়েছিলেন প্রকৌশল ও যোগাযোগ বিষয়ে। কিন্তু হঠাৎ মডেলিংয়ের ভূত চাপল কৃতির মাথায়। পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করলেন তিনি।

বাবার সঙ্গে কৃতি
বাবার সঙ্গে কৃতি


বাবা রাহুল বিষয়টি জানলেন, কিন্তু উদ্বিগ্ন হলেন না। বরং কৃতির প্রথম বলিউড ছবি হিরোপান্তি মুক্তি পেলে ছবির সাফল্যের জন্য দেওয়া প্রথম পার্টির আয়োজক ছিলেন তিনিই। পুরো ভারত যখন হিরোপান্তি ছবিতে কৃতির অভিনয়ে মুগ্ধ, তখন দিল্লি নিবাসী রাহুল পুরো পরিবার আর কৃতির বন্ধুদের ডেকে দারুণ ভোজের আয়োজন করলেন। মেয়ের সাফল্য বলে কথা! গর্বিত বাবা তো এটা করতেই পারেন।
আদর রহমান
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড লাইফ, দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে