বাবা কবির বেদিকে বাড়ি ছাড়া করেছেন পূজা বেদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির বেদি-পূজা বেদি
কবির বেদি-পূজা বেদি

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ও টিভি-ব্যক্তিত্ব কবির বেদি অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ ‘বুদ্ধা’র প্রচার শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। সম্প্রতি এক খবরে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, কবির বেদিকে বাড়ি ছাড়া করেছেন তাঁর মেয়ে বলিউডের সাবেক অভিনেত্রী ও টিভি-ব্যক্তিত্ব পূজা বেদি।

এ প্রসঙ্গে কবিরের কাছের এক বন্ধু দাবি করেছেন, ১৯৭৭ সালে মুম্বাইয়ের জুহুতে সাগরসংলগ্ন একটি ফ্ল্যাট মেয়েকে উপহার দিয়েছিলেন কবির বেদি। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে চলে যান। নব্বইয়ের দশকে ভারতে ফিরে মেয়েকে উপহার দেওয়া ফ্ল্যাটে ওঠেন কবির। অনেক দিন থেকেই প্রেমিকা পারভীনকে নিয়ে সেখানে বসবাস করছিলেন তিনি। এ জন্য তিনি মাসে মাসে পূজাকে ভাড়াও পরিশোধ করতেন।

প্রেমিকা পারভীনের সঙ্গে কবির বেদি
প্রেমিকা পারভীনের সঙ্গে কবির বেদি



কবিরের বন্ধু আরও জানিয়েছেন, বরাবরই বাবা-মেয়ের মধ্যে হূদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু পারভীনকে নিয়ে তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়। দিনকে দিন বাড়তে থাকে বাবা-মেয়ের দূরত্ব। একপর্যায়ে কবির ও পারভীনকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলেন পূজা।

এ প্রসঙ্গে পূজা জানিয়েছেন, ‘আমার কাছে ফ্ল্যাটের কাগজপত্র আছে। ১৯৭৭ সালে ফ্ল্যাটটি আমার মা প্রতিমা বেদির নামে ছিল। পরে ১৯৯৫ সালে আমি ফ্ল্যাটটির মালিকানা পাই। গত বছরের ডিসেম্বরে আমি ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছি। আমি বুঝতে পারছি না, এত দিন পর কেন বিষয়টি নিয়ে জল ঘোলা করে আমাকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।’

এদিকে আইনগতভাবে ফ্ল্যাট বিক্রি করার অধিকার পূজার নেই বলেই দাবি করেছেন কবির বেদি। তিনি মেয়ের আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, ‘পূজার এমন আচরণে আমি খুবই বিচলিত হয়েছি। আমার ও তার মধ্যে বিরোধ থাকলেও এতে পারভীনকে টেনে এনে পূজা মোটেও ঠিক কাজ করেনি।’

কবির বেদি ও পূজা বেদির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, দুই ধরনের খবর পাওয়া গেছে। প্রথমত, পারভীন নাকি ফ্ল্যাটটি নিজের কবজায় নেওয়ার চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত, ভাড়া বাড়িয়ে দেওয়ায় পূজার সঙ্গে কবির ও পারভীনের মনোমালিন্য শুরু হয়েছিল। বাড়িভাড়া প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, ‘বাবা কখনোই নিয়মিত ভাড়া পরিশোধ করত না।’