বাবা গ্লাসের বাইরে থেকে তাকিয়েছিলেন

‘জানুয়ারি মাসে আমি যেদিন লন্ডনে যাই, সেদিন বাবা আমাকে বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। আমি ভেতরে যাওয়ার পর বাবা অনেকক্ষণ গ্লাসের বাইরে থেকে তাকিয়েছিলেন। আমাকে দেখছিলেন। ভেতর থেকে আমি বাবাকে দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ বাবাকে দেখতে পাই। আমি হাত নেড়ে তাঁকে বিদায় জানাই।’ এভাবেই বাবার সঙ্গে শেষ দেখার স্মৃতির কথা বললেন আর্য শ্রেষ্ঠ, খালিদ মাহমুদ মিঠুর ছেলে। আজ মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন আর্য শ্রেষ্ঠ।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির চার নম্বর সড়কে উপড়ে পড়া গাছের চাপায় নিহত হন বিশিষ্ট চিত্রশিল্পী ও চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু। রাতে জানাজার পর তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের শবাগারে রাখা হয়।
বাবার মৃত্যুসংবাদ গতকাল সোমবার বিকেলেই জানানো হয় আর্যকে। এরপর রাতেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন আর্য।
আর্য জানান, যুক্তরাজ্যে তিনি ইউনিভার্সিটি অব এক্সেটারে সংগীত নিয়ে পড়াশোনা করছেন।
আর্য বলেন, ‘আমি সেখানে ভর্তি হয়েছি মাস সাতেক হলো। ভর্তির সময় বাবা আমার সঙ্গে ছিলেন। এরপর শীত আর বড়দিনের ছুটিতে ঢাকায় এসেছিলাম। লন্ডনে ফিরে গেছি জানুয়ারি মাসে। তখন বিমানবন্দরে গ্লাসের ভেতর থেকে বাবাকে শেষ দেখেছিলাম।’
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী কাল বুধবার বিকেলে বনানী কবরস্থানে বাবা শামসুদ্দিন আহমেদের কবরে দাফন করা হবে তাঁকে। এর আগে সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর কিছু সময়ের জন্য রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। বনানী যাওয়ার পথে প্রথমেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে, এরপর শেষ জানাজা হবে চ্যানেল আই কার্যালয়ে।