বাবা দিবসে বলিউডের তারকাদের টুইট
বাবা দিবসে প্রিয় বাবাকে শুভেচ্ছা জানানোর জন্য বেশ কয়েকজন বলিউড তারকা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে। টুইটারে শুভেচ্ছাবার্তায় প্রিয়াঙ্কা চোপড়া তাঁর বাবাকে ‘সেরা বন্ধু’ আর সোনম কাপুর তাঁর বাবাকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। প্রিয়াঙ্কা তাঁর টুইটার-বার্তায় লিখেছেন, ‘শুভ বাবা দিবস। বাবা, আমার সেরা বন্ধু তুমি। সেরা বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে তোমার আসন এত বেশি উঁচু যে, কেউ সেই উচ্চতা কখনোই ছুঁতে পারবে না। তোমাকে অজস্র ভালোবাসা জানাচ্ছে তোমার ছোট্ট মেয়ে।’ এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।অনিল কাপুর তনয়া সোনম কাপুর লিখেছেন, ‘বাবা, তুমিই আমার নায়ক। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি এবং সেরা আমার বাবা। সেই বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।’ এদিকে করণ জোহর লিখেছেন, ‘বাবার সঙ্গে তর্ক-বিতর্ক হতেই পারে। কিন্তু তার পরও সব সময় সব সন্তানের কাছে অনুপ্রেরণা তাঁর বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’ জেনেলিয়া ডি’সুজা লিখেছেন, ‘আমার রকস্টার বাবা সবার সেরা। বিশেষ এই দিনে তোমাকে শুভেচ্ছা। আশা করছি, বাবা দিবসকে বিশেষভাবে উদ্যাপন করছ তুমি।’দিয়া মির্জা লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সব বাবাকে। প্রতিটি বাবাই তাঁর সন্তানের কাছে আদর্শ।’ কবির বেদীর কন্যা অভিনেত্রী পূজা বেদী লিখেছেন, ‘বাবা, শ্বশুর এবং পিতৃস্থানীয় সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’