বাবা পরিচালক, মেয়ে উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না তারা। বিদ্যুতের আলোয় পড়াশোনার সুযোগ পায়নি। তাদের ছিল না কোনো নির্ভরযোগ্য আবাসন। ভালো কোনো পোশাক নেই। তার পরও তারা বিজয়ের হাসি হেসেছে। এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থী হিসেবেই তারা নিজেদের নাম লিখিয়েছে। এবার এই অদম্য মেধাবীদের নিয়ে আবুল হায়াত নির্মাণ করছেন মেধাবী মুখের বাংলাদেশ অনুষ্ঠান। আর এটি উপস্থাপনা করছেন বিপাশা হায়াত।মেধাবী মুখের বাংলাদেশ অনুষ্ঠানের কাজের জন্য গত শুক্রবার আবুল হায়াত তাঁর শুটিং ইউনিট নিয়ে বগুড়া গেছেন। গতকাল শনিবার সকালে মুঠোফোনে তিনি বললেন, ‘বগুড়ায় শুটিং শেষ করে নাটোর যাব। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর। এভাবেই বিভিন্ন জেলার মেধাবী মুখদের নিয়ে অনুষ্ঠানটি তৈরি করছি।’আবুল হায়াত জানালেন, ২৬ জন মেধাবী শিক্ষার্থীর জীবন, তাদের পরিবারের বর্তমান অবস্থার পাশাপাশি এই অনুষ্ঠানে থাকবে কীভাবে তারা এই সাফল্য অর্জন করল, সেসব কথা। প্রতিটি পর্বে একজন মেধাবী মুখকে তুলে ধরা হবে। এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম তৈরি করছেন আবুল হায়াত। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এমন একটি অনুষ্ঠান নির্মাণের দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। অনুষ্ঠানটি করতে গিয়ে এই মেধাবীদের খুব কাছ থেকে জানার সুযোগ হচ্ছে। এটাও এক ধরনের নতুন অভিজ্ঞতা।’ বিপাশা জানালেন, এবারই প্রথম তিনি কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বললেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত অদম্য মেধাবীদের নিয়ে কাজটি হচ্ছে, যাদের অবস্থা আর দশটা ছেলেমেয়ের মতো নয়। নানা প্রতিকূলতার মধ্যেও তারা ভালো ফল করেছে। আমি মনে করি, এই অনুষ্ঠান দেখে অন্যরা ভালো কিছু করার ব্যাপারে উৎসাহিত হবে। আর আমার নিজেরও অনেক কিছু জানা হবে। তাই করছি।’