বাবা বলে গেল...
‘আব্বু, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। ভাবাই যায় না, তুমি নেই। তোমার সুন্দর, মধুর স্মৃতিগুলো আমাকে আঁকড়ে রেখেছে। মনে হয়, এই তো সেদিনের কথা, তুমি আমাকে ফোন করে ডাকতে। আমার ছেলেমেয়েদের সঙ্গে গল্প করতে, খেলা করতে; তখন তুমিও যেন ছোট হয়ে যেতে। জীবন বড় কঠিন। আব্বু, তুমি চলে গেছ, যেন সবকিছুই বদলে গেছে। তুমি, তোমার ব্যক্তিত্ব, তোমার সততা, বিনয়—সব গুণই আমাকে সব সময় আকৃষ্ট করত। আমি এখনো তোমাকেই অনুসরণ করি। তুমি চলে যাওয়ার পর তোমার একটা বড় ছবি রেখেছি আমার ঘরে। তোমাকে যখন খুব মনে পড়ে, তখন খুব কাঁদি, খুব দেখতে ইচ্ছা হয়। মনে হয়, আবার যদি দেখতে পেতাম, তোমার বুকে মাথা রাখতাম, তুমি আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে, আশীর্বাদ করতে! ‘তোমার একটা অভ্যাস ছিল, বাইরে থেকে ফিরেই “ঐন্দ্রিলা আম্মি” বলে ডাকতে। আমিও অস্থির থাকতাম তোমার জন্য। এখন তুমি আমাকে একা করে চলে গেলে। তুমি হয়তো বলবে, “সবাই তো আছে।” কিন্তু আব্বু, তোমার মতো তো কেউ নেই। তুমি যে সবার মধ্যে আলাদা, শ্রেষ্ঠ। তুমি চলে যাওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে ১৩ জুলাই রাতে আমাকে বলেছিলে, “আমি খুশি হলেই তুমিও খুশি।” ‘আব্বু, তোমার আদর্শ নিয়েই আমি বেঁচে থাকতে চাই। তোমার মতো হতে চাই। তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, ভালোবাসা আর আদর দিয়েছ; সৃষ্টিকর্তাও যেন তোমাকে তেমনি করেই রাখেন।’