বাবা-মেয়ে এক আসরে

বাবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আর মেয়ের স্বল্পদৈর্ঘ্য। দুজনই তাঁদের সৃষ্টি নিয়ে ছুটছেন নয়াদিল্লির উদ্দেশে। সেখানে তৃতীয় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তাঁরা। বাবা খালিদ মাহমুদ মিঠু ও মেয়ে শিরোপা পূর্ণা ১৯ ডিসেম্বর তাঁদের ছবি নিয়ে রওনা দেবেন দিল্লির পথে।
২০ ডিসেম্বর শুরু হবে উৎসব, শেষ হবে ২৭ তারিখে। এ আয়োজনের উদ্বোধনী দিনে নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ছবি জোনাকির আলো নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে প্রদর্শিত হবে। অন্যদিকে, শিরোপার স্বল্পদৈর্ঘ্য ছবি আমাদের নৌকাই আমাদের জীবন প্রদর্শিত হবে ২৩ ডিসেম্বর।
এক উৎসবে বাবা-মেয়ের চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘এখানে শিরোপাকে আমি আমার মেয়ে হিসেবে দেখছি না। সে আমাদের পরবর্তী প্রজন্ম। তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। উৎসবে দেশের দুই প্রজন্মের নির্মাতার অংশ নেওয়া নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের।’
এবারের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬০টি দেশের ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে এ উৎসবে আরও থাকছে শহীদুজ্জামান বাদলের বান ফোঁড়া এবং অ্যাডাম দৌলার বৈষম্য।