২ নভেম্বর ডেইলি স্টার-এর আয়োজনে ‘সেলিব্রেটিং লাইফ’ অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য ওই দিন সকালবেলাতেই বিমানে চেপে তাঁরা উড়ে এলেন ঢাকায়। অনুষ্ঠানের নানা ব্যস্ততায় তাঁদের সফরসূচি ভরপুর। কিন্তু এর মধ্যেও আমাদের সাক্ষাৎকার নেওয়ার বায়না। তাই আয়োজকেরা পন্থা বাতলালেন—বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর সময়টুকুর মধ্যে তাঁদের গাড়িতে বসে সাক্ষাৎকার নিতে হবে। আমরা তাতেই রাজি।অতঃপর গত শুক্রবার সূর্য ওঠার আগ থেকেই আলোকচিত্রী সৈকত ভদ্রকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছি বিমানবন্দরে। একসময় আমাদের চোখের সামনে ভেসে উঠল তাঁদের চেহারা—ধবধবে সাদা পাঞ্জাবি পরা পণ্ডিত অজয় চক্রবর্তী ও তাঁর মেয়ে কৌশিকী দেশিকান। এই গুণী বাবা-মেয়ে দুজন দুই প্রজন্মের শিল্পী। দুজনই নিজের নামে বিখ্যাত। তবে এ দুই শিল্পীর অনেক মিলের মধ্যে একটি বড়সড় মিল এই যে, ধ্রুপদি সংগীতকে ঘিরে বাবা-মেয়ে উভয়ের চোখে অনেক স্বপ্ন, এই ধারাকে বহুদূর ছড়িয়ে দিতে চান তাঁরা।অজয় চক্রবর্তীর কাছে সাক্ষাৎকারের প্রসঙ্গ পাড়তেই বললেন, ‘না না। গাড়িতে যেতে যেতে তো সাক্ষাৎকার দেব না। হোটেলে সকালের নাশতা খেতে খেতে কথা বলব। আমার একটা ছবি আর লেখা ছাপা হোক, এটা আমি চাই না। আমি মনে করি, ইন্টারভিউটা কাজের হোক।’এবার শিল্পীদের পিছু পিছু ছুটছি সোনারগাঁও হোটেলের উদ্দেশে। এরপর সকালের নাশতা করতে করতে অজয় চক্রবর্তী ও কৌশিকী দেশিকান যখন কথার ঝাঁপি খুললেন, তখন সাক্ষাৎকার মুহূর্তেই ভিজে উঠেছে আড্ডার রসে। বাবা-মেয়ে দুজনই শৈশবে জ্ঞানবুদ্ধি হওয়ার আগে সারেগামার পরশ পেয়েছিলেন। একই গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে শিখেছেন দুজনই। আবার অজয় চক্রবর্তীর বাবা অজিত কুমার চক্রবর্তী যেমন ছেলেকে শিল্পী হিসেবে গড়ে তুলতে ধনুর্ভঙ্গ পণ করেছিলেন, তেমনই মেয়ে কৌশিকীকেও অজয় যে ছোট থেকে তিলে তিলে গানের মানুষ করে গড়ে তুলেছেন, সেটি বোঝা গেল কৌশিকীর কথাতেই, ‘নিজেকে ভালোবাসার আগে কখন যে গানকে ভালোবাসতে শুরু করেছি! আমি আসলে গানটাই খুব স্বাচ্ছন্দ্যে পারি।’এর আগেই বাবা বলে ফেলেছেন তাঁর বেড়ে ওঠার কেচ্ছা। আজ তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী, তবে এর পেছনে রয়েছে তাঁর অনন্য এক অধ্যবসায়, অনেক নিরন্ন দিনের স্মৃতি। অজয়ের মুখ থেকে শোনা যাক, ‘আমাদের বাড়ি এই বঙ্গে, কিশোরগঞ্জের মুষলী গ্রামে। আমার বাবা গৌরীপুরের ওস্তাদ এনায়েত খাঁ সাহেবের কাছে গান শেখার জন্য বৃত্তি পেয়েছিলেন। তবে ঠাকুরদার আপত্তির মুখে শিখতে পারেননি। যে কারণে ১৯৩৩ সালে বাড়ি থেকে পালিয়ে তিনি কলকাতায় চলে যান। সংগীতশিল্পী না হতে পারার আক্ষেপ তিনি পূরণ করেছেন আমাকে দিয়ে। আমাকে শিল্পী হিসেবে তৈরি করার জন্য তেমনভাবে চাকরি-বাকরি কিছুই করেননি তিনি। মনে আছে, ছোটবেলায় রেওয়াজে ভুলচুক কিংবা গড়িমসি করলে মারতে মারতে অনেকবারই তিনি আমাকে অজ্ঞান করে ফেলেছেন। তখন আমাদের তো সে রকম পয়সা-কড়ি ছিল না, তাই শ্যামনগরে আমাদের বাড়ি থেকে কলকাতায় আসতে পারতাম না শুধু ভাড়ার অভাবে। এ অবস্থা ছিল অনেক দিন। তবে রাগসংগীত শেখার সঙ্গে সঙ্গে আমি সব ধরনের গানই করেছি। এ ক্ষেত্রে বাবা ছিলেন উদার।’অজয় চক্রবর্তীর জীবনযুদ্ধের পাশাপাশি তাঁর মেয়ে কৌশিকীর যুদ্ধের রোজনামচা একটু ভিন্ন রকম। তিনি বললেন, ‘আমার সংগ্রাম আসলে পরিচয়ের। শিল্পী বাবার সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই বাবার সঙ্গে আমার তুলনা করা হতো। কিন্তু তিনি তো আমার গুরুও। গুরুর সঙ্গে কি তাঁর ছাত্রছাত্রীর তুলনা চলে? বাবা চাননি আমি তাঁর মতো করে গান করি। তিনি সব সময় বলেছেন, “তুমি তোমার গান তৈরি করো। নিজস্ব ইন্টারপ্রিটেশনে গান তৈরি করো।” আমি এখন সেই চেষ্টাই করছি।’এসব চেষ্টার ওপর দাঁড়িয়েই কৌশিকী কলকাতার নতুন প্রজন্মের গাইয়েদের মধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। নিজের প্রথম অ্যালবাম পিওর-এর মাধ্যমে সেই ২০০৬ সালেই পেয়েছেন বিবিসি অ্যাওয়ার্ড। শান্তনু মৈত্রের সুরে রাগসংগীত ও লোকসংগীতের মিশেলে কোক স্টুডিও অ্যালবামে নতুন ধরনের গান করেছেন তিনি। সেই সুবাদে বাংলাদেশের শ্রোতার কাছেও এখন বেশ জনপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এ মেয়েটি। জানালেন, বাংলাদেশের শিল্পী আনুশেহ আনাদিলের গানের দারুণ ভক্ত তিনি। ‘আনুশেহ খুব ভালো মানুষও। আর রেজওয়ানাদির (রেজওয়ানা চৌধুরী বন্যা) গান ভীষণ ভালো লাগে আমার। একবার ফিরোজা বেগমের সঙ্গে এক মঞ্চে গেয়েছিলাম। এটা যে আমার জন্য কত বড় সম্মানের!’ কৌশিকীর কণ্ঠে উচ্ছ্বাসের ফল্গুধারা।কথায় কথায় বাপ-বেটি দুজনই বললেন, শেখার বিদ্যা হলো একমাত্র রাগসংগীত। এর মধ্যে অজয় চক্রবর্তী আবার আরেক কাঠি সরেস। সবাই যাকে শাস্ত্রীয় সংগীত বলে অভ্যস্ত, তাকে রাগসংগীত বলার পক্ষপাতী তিনি। তাঁর যুক্তিও এ ক্ষেত্রে অকাট্য, ‘আগে শাস্ত্র, না আগে মানুষ? মানুষ যদি শাস্ত্রের আগে আসে, তবে কেন আমরা বলব শাস্ত্রীয় সংগীত? তাই আমি একে বলি রাগসংগীত।’এবার এসেছেন ‘সেলিব্রেটিং লাইফ’-এ গান করতে। তা ছাড়া এ মাসের ২৯ তারিখে তো অনেকের সঙ্গে আবার বাংলাদেশে আসবেন আপনারা। কথার মাত্র এটুকু শেষ করেছি, অমনি ছোঁ মেরে কথাটি টেনে নিলেন অজয় চক্রবর্তী। বললেন, ‘হ্যাঁ, ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীতের বিরাট আয়োজন হবে বাংলাদেশে, ঢাকার আর্মি স্টেডিয়ামে। প্রথম আলোর সহায়তায় বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের সংগীত রিসার্চ একাডেমির (আইটিসিএসআরএ) আয়োজনে “বেঙ্গল-আইটিসিএসআরএ উচ্চাঙ্গ সংগীত উৎসব” শিরোনামে এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ১০০ জন শিল্পী। তাঁদের মধ্যে আমিই সবচেয়ে নিকৃষ্ট।’তাঁর কথায় ঝরে পড়ছে বিনয়। বিনয় নিয়েই বললেন, ‘এই অনুষ্ঠানের পরিকল্পনায়ও আমি ছিলাম। বেঙ্গলের আবুল খায়ের ভাই গত বছর এসেছিলেন আমার কাছে। তাঁর চোখে সে সময় আমি আগুন দেখেছিলাম। এমন সংগীত-অন্তঃপ্রাণ মানুষ! তখনই মাথায় এসেছিল চিন্তাটা। আমি তো বাঙাল, বাংলাদেশের জন্য কিছু করতে চাই। বাংলাদেশে স্বর্গীয় কণ্ঠসম্পন্ন সম্পদ আছে। কিন্তু তাঁদের ভালোভাবে শেখানোর লোকের অভাব রয়েছে। এই অনুষ্ঠানের পর ব্যাপক একটা সাড়া মিলবে আশা করি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল—পাবনা, খুলনা, রাজশাহী—এসব জায়গায় গিয়ে রাগসংগীতটা সহজভাবে সবাইকে শেখাতে চাই আমি। প্রতিবছর অন্তত দুবার আসতে চাই এখানে।’আপন মনে নিজের আকাঙ্ক্ষার কথা বলে চলেছেন বাবা। ওদিকে মেয়ে কৌশিকী তখন জানাচ্ছেন এই আয়োজনকে ঘিরে তাঁর অভিব্যক্তি, ‘এটা শুধু আয়োজন নয়, এটা একটা উৎসব। কিন্তু ধারাবাহিকভাবে প্রতি বছর না হলে এবং একবার হয়ে বন্ধ হয়ে গেলে এই উৎসব কোনো কাজেই লাগবে না।’কৌশিকীর বয়স এখন ৩১ বছর। তাঁর অ্যালবামের সংখ্যা ২০টির ওপরে। ‘সেলিব্রেটিং লাইফ’-এর মাধ্যমে এবারই প্রথম বাংলাদেশে গাইলেন তিনি। তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, সকালের সূর্য তখন বড় হচ্ছে ধীরে ধীরে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। আমাদের আলাপ-আড্ডায় একে একে উঠে এল তাঁদের সারেগামাপাধানিসা...গানের টুকরো টুকরো গল্প।