বাবা হচ্ছেন হাবিব
নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক হাবিব ওয়াহিদের পরিবার। নতুন বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে সংগীতশিল্পী হাবিবের স্ত্রী রেহানের কোল আলোকিত করবে নতুন অতিথি।বাবা হওয়ার প্রসঙ্গে হাবিব কোনো কথা বলতে না চাইলেও হাবিব-রেহান দম্পতির ঘর আলোকিত করতে যে নতুন অতিথির আগমন ঘটছে, সেটি নিশ্চিত করেছেন হাবিবের বাবা পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দাদা হচ্ছেন জানতে পেরে বেশ খোশমেজাজে দিন কাটাচ্ছেন তিনি।ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, ‘চিকিত্সকের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন অতিথির আগমনের সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহ। তিনি বলেন, চিকিত্সক আরও জানিয়েছেন, ছেলেসন্তানের বাবা হবে হাবিব। আমি মনে করি, বাবা হওয়ার পর হাবিব আরও বেশি দায়িত্বশীল হবে। সবকিছুর দিকে আরও বেশি মনোযোগী হবে।’ ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দাদা হিসেবে এটা আমার জন্য অবশ্যই বড় একটি সুখবর। আর আমার ছেলের জন্য তো বটেই। আমরা নতুন অতিথির জন্য অধীর অপেক্ষায় দিন গুনছি। সবাই দোয়া করবেন ওর জন্য।’ পারিবারিক সূত্রে আরও জানা গেছে, হাবিব এখন দিনের বেশির ভাগ সময় স্ত্রী রেহানের পাশেই থাকছেন। বিদেশ সফর বন্ধ রাখবেন জানুয়ারি পর্যন্ত। বাসায় স্ত্রীকে সময় দেওয়ার পাশাপাশি টুকটাক এগিয়ে নিচ্ছেন নতুন এককের কাজ। গত বছর ১২ অক্টোবর রাতে হাবিব ওয়াহিদ হুট করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মায়ের পছন্দের পাত্রী চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে রেহানের সঙ্গে। এটি ছিল হাবিবের দ্বিতীয় বিয়ে।