বাবাকে ঘিরে বিশেষ দিনগুলো আমি খুবই উপভোগ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। এই দিনটিকে সামনে রেখে আনন্দের এ সংখ্যায় থাকছে বিশেষ আয়োজন। শুরুতেই কয়েকজন তারকার সন্তান বলেছেন তাঁদের বাবাকে নিয়ে। শেষের পৃষ্ঠায় রয়েছে বলিউডের তারকাদের বাবার গল্প।

ছোটদের নাটক দেখাতে নিয়ে যান বাবা
ছোটদের নাটক দেখাতে নিয়ে যান বাবা

ছোটবেলা থেকেই বাবার ভক্ত আমি। কেউ যখন জিজ্ঞাসা করেন, তোমাকে কে বেশি আদর করেন, মা না বাবা? আমি তো এক কথায় বলে দিই, বাবা। আমার সঙ্গে বাবার সম্পর্কটা বন্ধুর মতো। অনেকেই বাবাকে ভয় পায়। বাবার সঙ্গে চাওয়া-পাওয়ার বিষয়টি শেয়ার করতে পারে না।
কিন্তু আমার বেলায় উল্টো। তবে বাবার সম্মানের জায়গাটা অক্ষুণ্ন রেখেই বাবার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো। বাবাকে ঘিরে বিশেষ দিনগুলো আমি খুবই উপভোগ করি। বিশেষ দিনে বাইরে গিয়ে খাওয়ার চেয়ে নিজে রেসিপি বানিয়ে নিজ হাতে বাবার জন্য রান্না করি। এ ছাড়া প্রতিবারই বাবার জন্মদিনে না জানিয়ে কেক এনে রাত ১২টা ১ মিনিটে সারপ্রাইজ দিই।
বাবা নাটকের মানুষ। তাঁকে ছোটবেলা থেকেই ব্যস্ত দেখে আসছি। সব সময় কাছে পাইনি। তবে যতটুকুই পেয়েছি, ততটুকু সময় বাবাকে ঘিরে আনন্দ করেছি। অনেক সময় বাবা পুবাইলে শুটিং করতে যান। মাঝেমধ্যেই সেখানে বেশ কিছুদিন থাকতে হয় তাঁকে। মাঝে মাঝে আমি আর মা মিলে পুবাইলে চলে যাই। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে একটি দিন কাটাই। ভালো লাগে।
বাবা আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করার কারণে ছোটবেলায় প্রায়ই বাবার সঙ্গে বেইলি রোডে নাটক দেখতে যেতাম। এখন আর আগের মতো নাটক দেখা হয় না। তবে শিল্পকলা একাডেমিতে ছোটদের নাটক হলে মাঝে মাঝে বাবা আমাদের নাটক দেখাতে নিয়ে যান।