বাবাকে নিয়ে ঐন্দ্রিলার বই

বাবা প্রয়াত বুলবুল আহমেদকে নিয়ে একটি বই লিখেছেন ঐন্দ্রিলা। নাম দিয়েছেন একজন মহানায়কের কথা। বইটিতে থাকছে বুলবুল আহমেদের জীবনী; চলচ্চিত্র, টিভি, মঞ্চ আর রেডিওতে বুলবুল আহমেদের কাজ; তাঁর আবৃত্তি ও উপস্থাপনার কথা, তাঁকে নিয়ে বিভিন্ন জনের স্মৃতিচারণা, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বুলবুল আহমেদের সাক্ষাৎকার, অনেকগুলো আলোকচিত্রসহ আরও কিছু। বইটি প্রকাশ করছে বইপত্র প্রকাশনী।
ঐন্দ্রিলা বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর বাবার ৭২তম জন্মদিন। ওই দিন বইটি প্রকাশিত হবে। ওই দিন চ্যানেল আইয়ে “তারকাকথন” অনুষ্ঠানে বাবার জন্য আমার লেখা বইটির মোড়ক খোলা হবে।’
বুলবুল আহমেদকে নিয়ে বই প্রকাশ করার ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ জানতে চাই ঐন্দ্রিলার কাছে। তিনি বলেন, ‘বাবা নিজেই তাঁর আত্মজীবনী লিখতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। আমি তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলাম। নাম একজন জীবন্ত কিংবদন্তির কথা। এই তথ্যচিত্র দেখে বাবা আমাকে তাঁর জীবনী লিখতে অনুরোধ করেছিলেন।’
ঐন্দ্রিলা আশা প্রকাশ করেন, বইটি বুলবুল আহমেদকে সবার কাছে অন্যভাবে তুলে ধরবে।