বাবাকে নিয়ে রেড কার্পেটে হেঁটেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘তুমি যাকে ভালোবাসো/ স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি শুনেছেন নিশ্চয়ই? গত শুক্রবার প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন সেই গানটির মূল নারীকণ্ঠ ইমন চক্রবর্তী, জি বাংলার সারেগামাপা ২০১২-১৩-এর অন্যতম বিজয়ী শিল্পী হাওড়ার শোভন গাঙ্গুলি এবং ঢাকার শিল্পী স্বপ্নীল সজীব। তিন বন্ধু মিলে ঢাকায় ঘুরতে বেরিয়েছিলেন। তাঁদের নিয়ে প্রথম আলোর সভাকক্ষে বসে আড্ডা। সেই আড্ডায় ইমন চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রাসেল মাহ্‌মুদ।

গান শেখার শুরুটা বলবেন?

ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে হাতেখড়ি। বড় হয়েছি পশ্চিমবঙ্গে। হাওড়ার লিলুয়াহ, সেখানে আরও বেশ কজনের কাছে শিখেছি। এখন ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করছি তিনজন গুরুর কাছে। পড়াশোনাটা একেবারেই সংগীত নিয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর। সংগীতেই ধ্যান-জ্ঞান।

যত দূর জানি বাংলাদেশের সঙ্গে একটা যোগসূত্র আছে আপনার।

আমার শিকড় বাংলাদেশে। ঠাকুরদা কুমিল্লার, দেশভাগের সময় তাঁরা ওপারে চলে যান। এখনো এখানে আসতে ভালোবাসি। ঢাকায় প্রথম এসেছিলাম ২০১০ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গানের প্রতিযোগিতায়। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাতে অংশ নেয়। আমি রবীন্দ্রভারতীর প্রতিনিধিত্ব করেছিলাম এবং একটা আধুনিক বাংলা গান গেয়ে প্রথম হয়েছিলাম।

ঢাকায় কী কী কাজের পরিকল্পনা?

খুব পরিকল্পনা করে কাজ করি না আমি, হয় না। যা কিছু হয়, হুট করেই। তবে অনেক কাজের কথা হয়েছে। জয় শাহরিয়ারের সঙ্গে একটা সিঙ্গেল করেছিলাম। এখানকার টপ টেন-এ আছে সেটা। ইমন সাহার সঙ্গে বেশ কিছু কাজের কথা আছে। এ দেশে অ্যালবাম করার ইচ্ছে আছে। স্টেজ শো করেছি, আরও করব।

ইমন চক্রবর্তী। ছবি: সুমন ইউসুফ
ইমন চক্রবর্তী। ছবি: সুমন ইউসুফ

‘তুমি যাকে ভালোবাসো’ গানটির সঙ্গে জড়িয়ে যাওয়ার গল্পটা শুনতে চাই।

অনুপম দা (গীতিকার, সুরকার ও শিল্পী অনুপম রায়) একদিন ফোন করে বললেন, তোমাকে দিয়ে একটা গান করাতে চাই। তাঁর স্টুডিওতে গেলাম। তিনি আমাকে গানটা শোনালেন। আমি সাত-আট দিন ঘরে সেটা চর্চা করেছি। এখন যেটা হয়, স্টুডিওতে গিয়ে একবার শুনে সঙ্গে সঙ্গে গেয়ে রেকর্ডিং। আমি হোমওয়ার্ক করেছি। জানতামই না যে কোনো সিনেমার জন্য গানটা।

নিজের গানের জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন? দেখলাম ঊষা উত্থুপ ইংরেজিতে গানটি গেয়ে ট্রিবিউট জানিয়েছেন।

মৌলিক গানের একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে। আনন্দের ব্যাপার হচ্ছে, ইউটিউবে এই গানের দেড় হাজারের ওপর কভার আছে। সবচেয়ে আনন্দের ব্যাপার, ঊষাদি আমাকে ও অনুপম দাকে এই গানের মাধ্যমে ট্রিবিউট জানিয়েছেন। একজন সিনিয়রের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া বিশাল ব্যাপার। সাধারণত আমরা সিনিয়রদের ট্রিবিউট দিই। এ ক্ষেত্রে হয়েছে উল্টো।

এই গানের গায়কিতে মনে হয়েছে নিজের কোনো সাবেক স্মৃতি আপনাকে তাড়িয়েছে। ছিল তেমন কিছু?

গানটা যখন গেয়েছি, খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছিল আমাকে। গানের প্রতিটি কথার সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম। গাওয়ার সময় স্টুডিওতে সেই ব্যথাটা অনুভব করছিলাম বলেই হয়তো গানটা এত মানুষকে স্পর্শ করেছে।

ঢাকা ও পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রির মধ্যে কী কী পার্থক্য লক্ষ করলেন?

বাংলাদেশের কাজগুলো আমাদের কাছে খুব একটা পৌঁছাচ্ছে না। অথচ কলকাতা বা ভারতের কাজগুলো এখানকার দর্শক-শ্রোতারা তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছেন। আপনারা শুনেছেন বলেই ‘তুমি যাকে ভালোবাসো’ সুপার-ডুপার হিট হয়েছে। আমরা কিন্তু আপনাদেরগুলো শুনতে বা জানতে পারছি না। বাংলাদেশে তো প্রাচুর্যের শেষ নেই। বাংলাদেশ সাংস্কৃতিক পীঠস্থান। জায়গাটা আমাদের কাছে আরও বেশি উন্মোচিত হওয়া উচিত।

রুনা আপার সঙ্গে আলাপের অভিজ্ঞতা কেমন?

রুনা লায়লার সঙ্গে পরিচয় ছিল না। এবার আসার পর তিনি আমাকে ডেকে পাঠান। ইমন সাহা নিয়ে গেলেন তাঁর বাসায়। আমি তাঁর কাছে কিছু টিপস চাইলাম। ৫৩ বছর ধরে গাইছেন। সেই অভিজ্ঞতা থেকে যে জীবনবোধ, তা অনেক মূল্যবান। তিনি আমাকে সুন্দর সুন্দর টিপস দিলেন। এত গুণী একজন মানুষ, অথচ এত বিনয়ী! আসলে রুনা লায়লার সামনে বসে কথা বলতে পারাটা একটা স্বপ্ন। শশী কাপুর, কিশোর কুমার, গুলজারের সঙ্গে কাজ করেছেন। সেসব অভিজ্ঞতার কথা আমাদের বললেন।

গানেবলছেন, ‘তুমিঅন্যকারো সঙ্গে বেঁধো ঘর’। নিজে ঘর বাঁধছেন কবে?

ঘর বাঁধার পরিকল্পনা এখনই নেই। অনেক কাজ বাকি। জীবনে সবকিছু আকস্মিকভাবে হয়, এটাও হয়তো সেভাবে হবে। আবার ঘর যে বাঁধতেই হবে, এমন কোনো ব্যাপারও নেই।

আর বন্ধু স্বপ্নীল সজীবের সঙ্গে কাজ?

সজীবের সঙ্গে অনেক পরিকল্পনা। তবে দুই বাংলার প্রাণের শিল্পীদের নিয়ে বড় একটি কাজের পরিকল্পনা আছে। পুরোটা এখনই বলা যাচ্ছে না। তবে চমৎকার একটা কাজ করব আমরা।

চর্চা ও এক্সপোজারের মধে্য সমন্বয় করেন কীভাবে?

সংগীতশিল্পীর বড় কাজ চর্চা। আমি রেওয়াজটুকু করি, ভালো গান শুনি। যতটা আছে তাতে শাণ দিতে না পারলে সেটা থাকবে না। প্রচুর প্রতিযোগিতা এখন। শুধু ভালো জামা পরলাম, খুব সাজলাম অথচ স্টেজে গিয়ে গানটা গাইতে পারলাম না, তাহলে মানুষ শুনবে না। গানটাকে প্রতিমুহূর্তে সুন্দর করতে হবে, তারপরে বাদ বাকি সৌন্দর্য ও অন্য জিনিস। আমি সেই চেষ্টাটা করি।

ফিল্ম ফেয়ার ও রেডিও মিরচি অ্যাওয়ার্ড পাওয়ার অভিজ্ঞতা বলুন?

বাবাকে নিয়ে যখন রেড কার্পেটে হেঁটেছি, খুব আনন্দ হচ্ছিল। অ্যাওয়ার্ডটা পাওয়ার পর বাবার মুখের দিকে তাকিয়ে খুব ভালো লেগেছে। রেডিও মিরচিতে ‘ছুঁয়ে ছুঁয়ে দেখি’ গানের জন্য বর্ষসেরা নারী শিল্পী ও ‘তুমি যাকে ভালোবাসো’র জন্য বছরের সেরা গানের পুরস্কার পেয়েছি।

আলাপচারিতার ভিডিওটি দেখুন প্রথম আলোর অনলাইন সংস্করণে