বাবাকে ভয় পান রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর
বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর

মা-বাবার বাধ্য ছেলে হিসেবে সুনাম আছে ‘চকোলেট বয়’ রণবীর কাপুরের। তবে বাবা ঋষি কাপুরকে যে তিনি প্রচণ্ড ভয় পান তা খুব কম মানুষই জানতেন। সম্প্রতি এ বিষয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন রণবীর নিজেই। রণবীর জানিয়েছেন, বাবাকে তিনি এতটাই ভয় পান যে, চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারেন না।
এ প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘আমার জীবনের ৩০ বছর কেটে গেছে। কিন্তু আজও আমি বাবার চোখে চোখ রেখে কথা বলার সাহস পাই না। আমি তাঁকে প্রচণ্ড ভয় পাই। আগে তো বাবার সামনে দাঁড়ালে ভয়ে আমার বুক কাঁপত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বাবা ঋষি কাপুরকে ছাড়া আর কাউকেই ভয় পান না বলেও জানিয়েছেন রণবীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবাকে ছাড়া আমি আর কাউকেই ভয় পাই না।’
বর্তমানে নিজেকে যথেষ্ট সাহসী একজন মানুষ বলেই ভাবেন রণবীর। তবে ভবিষ্যতে তাঁর সামনে কী অপেক্ষা করছে, তা তিনি জানেন না। তাঁর মতে, ‘ভবিষ্যতে যদি কাজের সুযোগ না পাই, তাহলে হয়তো ভয় পাব আমি। কাল যদি ইমতিয়াজ আলী কিংবা অনুরাগ বসুর মতো নির্মাতারা আমার সঙ্গে কাজ করতে না চান, তাহলে অবশ্যই আমি ভীত হয়ে পড়ব। অভিনয় আমার একমাত্র পেশা। সবাইকে ভালো অভিনয় উপহার দেওয়ার জন্য আমি আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করি। সাফল্য পেলে সেটা মাথার ভেতর গেঁথে না রেখে আরও ভালো করার চেষ্টা করে যাই।’    

অভিনব কশ্যপ পরিচালিত ‘বেশরম’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ অক্টোবর। এই ছবিতে প্রথমবারের মতো বাবা ঋষি কাপুর ও মা নিতু সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন রণবীর। এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘ছবিটিতে কাজ শুরুর আগে আমার মনে হচ্ছিল, কীভাবে আমি বাবার সঙ্গে অভিনয় করব! কারণ ছবিটির একাধিক সংলাপে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে বলা হয়েছিল আমাকে।’

তবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তেমন কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছেন রণবীর। তিনি বলেন, ‘বাবার সঙ্গে অভিনয় শুরুর পর তেমন কোনো সমস্যা হয়নি। এমনকি ছবির সংলাপে বাবাকে মোটা, ধরণির বোঝা—এমন সব রূঢ় কথা অবলীলায় বলতে পেরেছি আমি। আর এটা সম্ভব হয়েছে কাজের প্রতি তাঁর পেশাদার মনোভাবের জন্য। ছবির সেটে তিনি আমাকে একটি বারের জন্যও বুঝতে দেননি যে, তিনি আমার বাবা।’

রণবীর আরও বলেন, ‘সত্যি বলতে কি, আমার বাবা-মা কখনোই ব্যক্তিজীবন ও পেশাজীবনকে মিলিয়ে ফেলেন না। ছবির সেটে তাঁরা পুরোপুরি পাল্টে যান। ব্যক্তিগত সম্পর্কের কথা তাঁরা যেন বেমালুম ভুলে যান। অভিনয়ের সময় চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে গেলেও, কাজ শেষে বাড়িতে ফিরে আবার নিজের সত্তায় ফিরে আসেন তাঁরা। কখনোই ছবির চরিত্রকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন না।’