বাবার কথা ও মুক্তিযুদ্ধ
হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলার সেই ঘোড়ার সহিসের কথা মনে আছে? ঘোড়ার সহিস চরিত্রে অভিনয় করা ওই ব্যক্তির নাম মাসুদ আকন্দ। ২০০৪ সালে শুধু হুমায়ূন আহমেদের আকর্ষণে সুইডেনের দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে নিজ জন্মভূমি বাংলাদেশে ফিরে আসেন তিনি। উদ্দেশ্য হুমায়ূনের সঙ্গে কাজ করা। কিন্তু তখন তো তিনি নাটক-চলচ্চিত্রের কিছুই জানেন না। তাই ঘেটুপুত্র কমলার নির্মাতা তাঁকে বললেন, ‘তুমি আগে চলচ্চিত্রের ওপর পড়াশোনা করো।’ অগত্যা আইটি ব্যবস্থাপনায় স্নাতক মাসুদ ফিরে গেলেন সুইডেন। চলচ্চিত্র বিষয়ে তিন বছর পড়ালেখা করলেন সুইডিস ফিল্ম ইনস্টিটিউটে। তারপর ২০০৭ সালে আবার ফিরে এলেন বাংলাদেশে। এর মধ্যে হুমায়ূন আহমেদের লেখা দুটি নাটক পরিচালনা করেও নির্মাণবিদ্যায় হাত পাকিয়েছেন তিনি। তাঁর চোখে তখন খেলা করছে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন।ময়মনসিংহের গফরগাঁওয়ের ছেলে মাসুন্দ আকন্দের সেই স্বপ্ন যখন পূরণ হলো, তখন হুমায়ূন আহমেদ নেই। আগামীকাল সারা দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাসুদ আকন্দের প্রথম চলচ্চিত্র পিতা। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।পিতা চলচ্চিত্র মুক্তির চার দিন আগে কথা হলো পরিচালক মাসুদ আকন্দের সঙ্গে। শুরুতেই তাঁর কথা শুনে আক্কেলগুড়ুম। তিনি বললেন, ‘পিতা চলচ্চিত্রটি আমি আমার বাবাকে নিয়ে তৈরি করতে চেয়েছি।’ মাসুদের এই কথায় যখনই একটু গা ঝাড়া দিয়ে বসেছি, তখনই আবার কথা শুরু করলেন তিনি, ‘মা-বাবাসহ আমাদের পরিবার অনেক দিন থেকেই সুইডেনের বাসিন্দা। ২০০৯ সালে আমার বাবা আবু তালেব আকন্দ মারা যান। আমি পরিবারের বড় ছেলে। বাবার মৃত্যুতে কেন যেন কান্না আসেনি আমার। একসময় ভাবলাম, চলচ্চিত্র যখন বানাব, তখন প্রথম চলচ্চিত্র আমার বাবাকে নিয়ে নয় কেন? এই ভাবনা থেকেই পিতার গল্প ও চিত্রনাট্য লিখলাম। বাবাকে আমি যে কয়টি রূপে দেখেছি, সেই অনুযায়ী বেশ কয়েকটি চরিত্র সৃষ্টি করেছি এই চলচ্চিত্রে। পরে প্রেক্ষাপট হিসেবে মুক্তিযুদ্ধকে এনেছি। আমাদের পরিবারের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মা-বাবার মুখে যুদ্ধের গল্প ছোটবেলা থেকে শুনছি। তাই গল্প তৈরি করতে গিয়ে পটভূমি হিসেবে মুক্তিযুদ্ধকে আনলাম। চরিত্র আর কাহিনির মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি করলাম। পিতা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকে আমি একটু নতুন ভঙ্গিতে দেখাতে চেয়েছি।’মাসুদ কথা বলে চলেছেন। একসময় বললেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি গ্রামের দুই দিনের ঘটনা নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। এখানে আমি দেখিয়েছি, পাকিস্তানিদের নৃশংসতায় সাধারণ মানুষ ভয় পেলেও আঘাতটি যখন তাঁদের সন্তানের ওপর এসে পড়ে, তখন জেগে ওঠেন পিতা, প্রতিরোধ গড়ে তোলেন তিনি।’আড্ডা-গল্পে সময় গড়াল অনেকটা। পিতা চলচ্চিত্র নিয়ে নতুন পরিচালক মাসুদ আকন্দের স্বপ্ন অনেক। সেই স্বপ্নের কথা তিনি বলে যাচ্ছেন একমনে। তবে কথা শুনতে শুনতে আমাদের মনে হয়, তাঁর স্বপ্নের ভেতর কোথায় যেন লুকিয়ে আছে একটি গোপন আফসোস। আর তাই প্রয়াত হুমায়ূন আহমেদকে স্মরণ করে বারবার মাসুদ বলছেন, ‘আহা, স্যার আমার চলচ্চিত্রটি দেখতে পেলেন না। অথচ এটি যেন আমি নির্মাণ করতে পারি, সে জন্য তিনি কী-ই না করেছেন!’কথা বলতে গিয়ে গলা ধরে এসেছে মাসুদের। পিতা চলচ্চিত্রের পরিচালক, হুমায়ূন আহমেদের এই মাসুদ আকন্দকে হয়তো এখন আর কোনো প্রশ্ন করা ঠিক হবে না।