বাবার কথা শুনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর আগের কথা। শাহরুখ খান-কাজল তখন বাজিগর-পরবর্তী সুপারস্টারডম নিয়ে বলিউড রাজত্ব করছিলেন। তাঁদের সঙ্গে সালমান খান, মমতা কুলকার্নিকে নিয়ে রাকেশ রোশন তৈরি করেন করণ অর্জুন। শুটিং ইউনিটে মোটাসোটা একটি ছেলে সারাক্ষণ তারকাদের দেখাশোনা করতেন। চায়ের দরকার পড়লে চা এনে দিতেন। শট শেষে শাহরুখ, সালমানের মুখের ঘাম মুছে দিতেন। প্রথমে কেউ তাঁকে চিনতে না পারলেও অল্প কিছুদিনের মধ্যেই জেনে যায়, ছেলেটির নাম হূতিক রোশন; রাকেশ রোশনের একমাত্র সুপুত্র। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে তারকাদের আদিখ্যেতা বেড়ে যায়; পরিচালকের ছেলে বলে কথা! কিন্তু রাকেশ রোশনের সাফ কথা, ছেলে হয়েছে তো কী হয়েছে, সব ধরনের কাজই হূতিককে শিখতে হবে। বাবার সঙ্গে থেকেই হূতিক স্পটবয়ের কাজ শিখতে থাকেন। পাশাপাশি সালমান খানের সহায়তায় শরীর গঠনের কাজেও নেমে পড়েন। ‘যাঁরা বলেন, কহো না পেয়ার হ্যায়’ করে হূতিক এক দিনে সুপারস্টার হয়েছেন, তাঁদের জানাই, হূতিকের তারকা হওয়ার প্রশিক্ষণ চলছিল সেই ছোটবেলা থেকে।’—জানালেন গর্বিত বাবা রাকেশ রোশন। পরিচালক রাকেশ রোশন-নায়ক হূতিক রোশন জুটিও আজ পর্যন্ত ব্যর্থ হননি।এই বাপ-বেটা জুটির মতো আরও এক জুটি ঋষি কাপুর-রণবীর কাপুর। অভিনেতা বাবা জীবনে একটাই ছবি পরিচালনা করেছিলেন, আ আভ লট চলে (১৯৯৯)। সে ছবিতে সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন ছেলে রণবীর। রণবীর অবশ্য সারা জীবনই মা ন্যাওটা; বাবাকে ভয় পান; এমনকি তারকা-খ্যাতি পাওয়ার পরও মায়ের কাছ থেকে পকেট মানি নেন। অবশ্য ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুররাও তাঁদের বাবা রাজ কাপুরের সঙ্গে কিংবা রাজ কাপুর তাঁর বাবা পৃথ্বিরাজ কাপুরের সঙ্গে অতটা খোলামেলা ছিলেন না, যতটা তাঁরা নিজ নিজ মায়েদের সঙ্গে ছিলেন। রণধীর কাপুরের দুই মেয়ে কারিশমা-কারিনাও সারা জীবন মায়ের ছায়াতলে বেড়ে উঠেছেন। বাবাকে খুব একটা কাছে পাননি। কারিশমার অভিনয়ের কথা শুনে তো কাপুর পরিবারে ঝড় উঠেছিল। কাপুর খানদানের কোনো মেয়ে অভিনয় করতে পারবে না—এমন আদেশের বিপরীতে সংগ্রাম করেই কারিশমা প্রতিষ্ঠিত হয়েছেন। এখন অবশ্য রণধীর কাপুর মেয়েদের নিয়ে গর্ব করেন। বাবা অসুস্থ হলেও তাঁর বাড়িতে মেয়েদের দেখতে চান।অভিষেক বচ্চন অবশ্য ছোটবেলা থেকেই বাবা-মা দুজনেরই অন্ধ ভক্ত। নিজেও স্বীকার করেন, ‘বচ্চন পদবি নামের সঙ্গে যুক্ত না হলে আমি জীবনেও অভিনয়ে আসতাম না। সফলও হতাম না।’ অভিষেকের প্রথম ছবি রিফিউজি মুক্তির সময় যাতে ববি দেওলের বিচ্ছু মুক্তি না পায়, তার জন্য ববির বাবা ধর্মেন্দ্রর কাছে অনুরোধও করেছিলেন অমিতাভ। অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের পর অভিষেক ঐশ্বরিয়াকে নিয়ে আলাদা বাড়িতে থাকবেন। কিন্তু অভিষেক বাবার ছায়াতল থেকে বেরিয়ে যেতে চাননি কখনো। ‘এখন অবশ্য অভিষেকই আমার বাবা। আমার প্রযোজনা সংস্থা দেখাশোনা থেকে শুরু করে ছবিতে আমার বাবার ভূমিকায় অভিনয় করা—সবই নিষ্ঠার সঙ্গে পালন করে অভিষেক।’—জানালেন গর্বিত বাবা অমিতাভ।সানি দেওল, ববি দেওল কিংবা এষা দেওল বাবা ধর্মেন্দ্রর সঙ্গে না থাকলেও তাঁরা সবাই বাবা বলতে অজ্ঞান। এখনো এষাকে কোনো ছবিতে কাঁদতে দেখলে আর দশজন বাবার মতো ধর্মেন্দ্র কেঁদে ফেলেন। কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবার ধর্মেন্দ্রকে আজীবন সম্মাননা পুরস্কার পেতে দেখলে ছেলেরা চোখের জল থামাতে পারেন না। ববি-সানির প্রথম ছবির প্রযোজকও ছিলেন বাবা ধর্মেন্দ্র। শহীদ কাপুরকে নিয়ে যেমন বাবা পঙ্কজ কাপুর মৌসম নামের ছবি পরিচালনা করছেন। ফিরোজ খানও তেমনি তাঁর ছেলে ফারদিনকে, সুনীল দত্ত ছেলে সঞ্জয় দত্তকে, নাসির হুসেন ছেলে আমির খানকে প্রথম ছবিতে ব্রেক দিয়েছিলেন। তিন তারকাই আজ পিতৃহারা। তবে সঞ্জয়, ফারদিন স্বীকার করেন, অন্ধকার জগৎ থেকে বাবাই তাঁদের আলোর পথে নিয়ে এসেছিলেন। আমির খানের জনপ্রিয় ছবি কেয়ামত সে কেয়ামত তক, হাম হ্যায় রাহি পেয়ার কের প্রযোজকও ছিলেন বাবা।টুইংকল খান্না তাঁর অভিনয় ক্যারিয়ারে কখনোই বাবা রাজেশ খান্নার সহায়তা পাননি, যেমনটি পাননি বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্না। তবে সোনম কাপুর বাবা অনিল কাপুরকে জিজ্ঞাসা না করে এক পাও ফেলেন না। কথিত আছে, সব পরিচালক, সাংবাদিককেই সোনমের কাছে পৌঁছানোর আগে বাবা অনিল কাপুরের মুখোমুখি হতে হয়। অধ্যয়ন সুমন যেমন বাবা শেখর সুমনের পছন্দ নয় বলে প্রেমিকা কঙ্গনা রনৌতের সঙ্গে সম্পর্কও ছিন্ন করেছেন। কমল হাসান-সারিকার মেয়ে শ্রুতি হাসান অবশ্য নিজেই নিজের ইচ্ছার মালিক। তাই বলে বাবার অবাধ্য মেয়ে, তাও নয়। বাবা চেয়েছিলেন মেয়ে গান করুক। মা চেয়েছিলেন অভিনয় করুক। মেয়ে দুটোই শিখে রেখেছে। একতা কাপুর তাঁর টেলিভিশন ক্যারিয়ারে বাবা জিতেন্দ্রর প্রত্যক্ষ সহযোগিতা পেলেও ভাই তুষার কাপুর একাই পথ চলেছেন বড় পর্দায়। সঞ্জয় খানের ছেলে জায়েদ খান, প্রখ্যাত কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান খান, সোহেল খান, আরবাজ খানও একাই পথ চলেছেন। তবে সালমানদের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক যেকোনো বন্ধুর চেয়েও বেশি। ছুটির দিনে বাড়িতে প্রায়ই ক্রিকেট খেলতে বসে যান বাপ-বেটারা। নতুন খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন সোহেলের ছেলে নিরভান। পূজা ভাট অবশ্য পরিচালক বাবা মহেশ ভাটের দিকনির্দেশনা নিয়ে অভিনেত্রী হয়েছেন, হয়েছেন পরিচালক। যেমনটি হয়েছেন জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার, মেয়ে জয়া আখতার, যশ চোপড়ার ছেলে উদয় চোপড়া ও আদিত্য চোপড়া। ক্রিকেটার মনসুর আলী খান পতৌদীর ছেলে সাইফ আলী খান, ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা পাড়ুকোন অবশ্য বাবার লড়াকু মনোভাব রপ্ত করেছেন। বাবাদের গুণের বদৌলতেই আজ ওঁরা তারকা।  রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট