বাবার কথায় মেয়ের গান ‘অন্তরে দোলা দেয়’
‘যখন কথা বলি, অন্তরে দোলা দেয় স্নিগ্ধ স্বদেশ’—এ ধরনের দেশাত্মবোধক ও আধুনিক ১০টি মৌলিক গান নিয়ে প্রকাশিত হলো অডিও অ্যালবাম অন্তরে দোলা দেয়। সব কটি গানের কথা ও সুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মতলুব আলীর। কণ্ঠ দিয়েছেন তাঁরই মেয়ে আলী পুষ্পিতা মউরি। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মানব শিল্প-সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। মোড়ক উন্মোচন করেন তথ্যসচিব হেদায়েত উল্লাহ্ আল মামুন। এ সময় প্রো-উপাচার্য হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারপারসন আকলিমা ইসলাম।বক্তারা বলেন, মানুষের কাজের পরিধি অনেক বড়। ইচ্ছে করলে এবং চেষ্টা থাকলে একই সঙ্গে অনেক কিছুই করা সম্ভব। মতলুব আলী তা প্রমাণ করেছেন।পঞ্চম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নবাগত শিল্পী বিভাগে বিজয়ী পুষ্পিতার তৃতীয় একক অ্যালবাম এটি। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন মাসুদুজ্জামান জাকারিয়া।