বাবার ছবি ও ছেলের কথায় ১৯৫৩ সালের ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৭ সালে দেশ বিভাগের পরের সময়টা কেমন ছিল? শোনা যায়, এই ভূখণ্ড থেকে মানুষ শুধু চলেই গেছে। ওপার থেকে কেউ আসেনি তেমন? কেমন ছিল ভাষা আন্দোলনের পরের ঢাকা? কেমন ছিল তখনকার মধ্যবিত্ত বাঙালি মুসলমানের ঘরের ভেতরটা কিংবা তাদের মনস্তত্ত্ব?
ওই সময়ের একটি একান্নবর্তী পরিবারের ধাতব আলমারিতে ২০১০ সালে পাওয়া যায় একটি রহস্যময় বাক্স। সেই বাক্স থেকে এ রকম অনেক প্রশ্ন বের হয়ে এসেছে উত্তরসহ। বাক্সটি মোহাম্মদ আবদুল মোহায়মেনের। শখ করে ছবি তুলতেন তিনি। সেও ঘরের ভেতরে। ডাক্তারি পাস করে সার্জন হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ছবি তোলা ছেড়ে দেন।
রোববার বিকেলে বনানীর লঙ্গিচিউদ ল্যাটিচিউদ ৬ স্পেসে এই ছবিগুলোর শুরু হয়েছে প্রদর্শনী ‘বাক্স তুমি কার’। ছবিগুলো কিউরেট করছেন শিল্পী শেহজাদ চৌধুরী। এগুলোর পেছনের গল্পগুলো জানা যাবে ওই পরিবারের সদস্যদের আলাপচারিতায়। ছবির পাশাপাশি সেই কথোপকথনগুলোও মিলবে প্রদর্শনীর দেয়ালে। দেখা যাবে মোহাম্মদ আবদুল মোহায়মেনের সংগ্রহ করা ফটোগ্রাফির বই, ইয়াসিকা ইলেকট্রো ৩৫ মডেলের ক্যামেরা ও ছবি সংরক্ষণের সেই বাক্সটির।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে মানস চৌধুরীর সঙ্গে ‘বিলুপ্ত ঢাকা’ নিয়ে আড্ডা।
‘বাক্স তুমি কার’ প্রদর্শনীটি চলবে ১৭ অক্টোবর বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।