আজ ২০ ডিসেম্বর। ঠিক ঠিক ২২টি বছর পেরিয়ে গেল। আমার আব্বা, বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্য জগতে চলে গেছেন এই দিনে। ১৬ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। আর আজ মৃত্যুদিন। ভাবতে অবাক লাগে, আব্বাকে দেখি না এতগুলো বছর! তবে ‘দেখি না’ বললে কিছুটা ভুল হবে। প্রায়ই তাঁকে স্বপ্নে দেখি আমি। যেদিন স্বপ্নে দেখি সেদিন সারা দিনই কাটে আব্বাকে ভেবে। মনে পড়তে থাকে ছোটবেলার কথা, বড়বেলার কথা। আমার ভাবগম্ভীর বাবামাটির মতোই শক্ত-গম্ভীর এবং কাদা মাটির মতোই নরম ছিলেন। কথা বলতেন কম। যেটুকু বলতেন, সরলভাবে মন থেকেই বলতেন। মিশতেন খুব সহজ-সরলভাবে। সবাইকে বিশ্বাস করতেন মাটির মতোই। যখন গান গাইতেন, তখন সেই গানেও প্রকাশ পেত তাঁর মনের সরলতা-সহজতা এবং ভাবগাম্ভীর্য। কণ্ঠে এত গাম্ভীর্য নিয়ে এত রোমান্টিক করে গান খুব কম শিল্পীকে গাইতে শুনেছি। ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ কিংবা ‘বড় একা একা লাগে’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘কে যেন আজ’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ কিংবা ‘তুমি যে আমার কবিতা’, ‘ও মেয়ের নাম দেব কী’—এ রকম আরও অসংখ্য রোমান্টিক গানের প্রাণবন্ত শিল্পী তিনি। একইভাবে তাঁর জীবনের বেদনা কিংবা অভিমানগুলো দিয়ে দুঃখের গানগুলোতেও কীভাবে যে প্রাণ দিতেন তিনি, সে এক রহস্য! ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে’, ‘প্রেমের নাম বেদনা’, ‘এক অন্তবিহীন স্বপ্ন ছিল’—এমন কত শত অভিমানের গান, যেগুলো মানুষের কাছে দিনে দিনে অমর হয়ে উঠছে। মনে পড়ে, গানের জগতে রাজনীতির শিকার হয়ে আব্বা তখন সাংঘাতিকভাবে হতাশ একজন শিল্পী। সে সময় গাইলেন ‘মনে তো পড়ে না কোনো দিন, আমিও যে শিল্পী ছিলাম...।’ আব্বার সরলতাকে দুর্বলতায় রূপান্তর করে গানের জগৎ থেকে মোটামুটি দূরে সরিয়ে দিল গানের জগতেরই কিছু মানুষ। তাতে একজন খাঁটি শিল্পী হিসেবে তিনি কষ্ট পেয়েছেন বৈকি। আরও অনেক দিতে পারতেন তিনি, তাতে শ্রোতাদেরই লাভ হতো। মনের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে তাঁকে হয়তো মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে যেতে হতো না। খুব চাপা স্বভাবের আমার আব্বা সংসারের প্রতি উদাসীন ছিলেন। কথা কম বলতেন। তবে ভোজনের ব্যাপারে, বিশেষ করে আমার মায়ের রান্না খাওয়ার ব্যাপারে তাঁর ঔদাসীন্য বা কম কথা বলা দেখিনি কখনো। ভীষণ ভোজনবিলাসী ছিলেন তিনি। খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন।প্রতিদিন আব্বার বাসায় ফেরার জন্য অপেক্ষা করতাম আমি আর নুমা (ফাহমিদা নবী)। কেননা, সব সময়ই আব্বার হাতে কিছু না কিছু থাকতই। ১৯৭৬ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা গায়কের সম্মানটি আব্বা পেয়ে যান দি রেইন চলচ্চিত্রে ‘আমি তো আজ ভুলে গেছি’ গানটির জন্য। এরপর তাঁর আর চলচ্চিত্রে গান গাওয়া হলো কোথায়? এতে ক্ষতি কার হলো? বারবার কেন এই রাজনীতি চলে? আমাকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, হচ্ছে। সত্যি বলতে কি, কণ্ঠ এবং সরলতাই আব্বার শত্রু ছিল। দুঃখ হয়, আজও তাঁকে একুশে পদক দেওয়া হলো না! তিনি চলে গেছেন। হয়তো গানের রাজনীতির শিকার হয়ে কিছু গান এবং অর্থ থেকে বঞ্চিত হয়েছেন আব্বা। তাতে কী, তিনি শ্রোতাদের যা দিয়েছেন এবং যত ভালোবাসা পেয়েছেন, কজনার ভাগ্যে এমনটা জোটে বা জুটেছে! আজ যখন তাঁর গান এখনকার শিশুশিল্পীদেরও গাইতে শুনি, তখন তাঁর গানের মাহাত্ম্য ও জনপ্রিয়তা আরেকবার বুঝতে পারি। শিল্পী মাহমুদুন্নবীর গান তাঁকে বাঁচিয়ে রাখবে হাজার বছর। তাঁকে একুশে পদকের সম্মান দেওয়া হোক—সন্তান হিসেবে এটা আমাদের প্রত্যাশা। আব্বার আত্মা যেখানেই থাকুক, শান্তিতে থাকুক।