বাবার জন্য রিতেশের দান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখের বাবা বিলাসরাও দেশমুখকে সংকটাপন্ন অবস্থায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিভার সিরোসিসের পাশাপাশি তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। সম্প্রতি এক খবরে এনডিটিভি জানিয়েছে, বাবাকে সুস্থ করে তুলতে নিজের লিভারের একটা অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছেন রিতেশ।মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের লিভার সমস্যা ধরা পড়ে বছর খানেক আগে। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিত্সা করানোর পর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু সম্প্রতি হঠাত্ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এ রাজনীতিবিদ। এরপর বিমানে করে তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। সেখানে তাঁকে সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিত্সকেরা। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভার প্রতিস্থাপন করা হবে। রিতেশ তাঁর বাবাকে নিজের লিভারের একটা অংশ দান করার সিদ্ধান্ত নিলেও, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছেন না চিকিত্সকেরা।