বাবার জীবনী লিখেছেন ঐন্দ্রিলা
‘বাবা নেই বছর দুয়েক হলো। বাবার খুব ইচ্ছে ছিল, তিনি আত্মজীবনী লিখবেন। কিন্তু সেই সময় আর পাননি। এবার বাবার ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করছি।’ বললেন ঐন্দ্রিলা। বাবার জীবনী লিখেছেন তিনি। বইটির নাম একজন মহানায়কের কথা। ১৫ জুলাই বুলবুল আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ওই দিন বইটি পাঠকদের হাতে দেওয়ার ইচ্ছা আছে ঐন্দ্রিলার। এর আগে বাবাকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেন তিনি। নাম একজন জীবন্ত কিংবদন্তির কথা। ঐন্দ্রিলা বললেন, ‘বাবার মুখ থেকে শোনা নানা ঘটনা। বাবার আত্মীয়স্বজন, বন্ধু আর কাছের মানুষদের সঙ্গে কথা বলেছি। বাবাকে নিয়ে সেই শুরু থেকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। সেগুলো বাবার সংগ্রহে ছিল। এসব লেখা থেকেও অনেক তথ্য পেয়েছি। বাবার মৃত্যুর পর তাঁকে নিয়ে লিখেছেন তাঁর খুব কাছের ৩০ জন। এই লেখাগুলো রেখেছি বইটিতে।’ঐন্দ্রিলা জানালেন, মাঝে ছেলে ঐতিহ্যের জন্য তিনি অভিনয় ও অন্যান্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন; এখন আবার টিভিতে কাজ করছেন। সম্প্রতি কাজ করেছেন প্রাণ তারার রান্না নামে ৩০ পর্বের একটি অনুষ্ঠানে। ঐন্দ্রিলা এবার ১২ বছর পর উপস্থাপনা করলেন।