বাবার পথ ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাবার দেখানো পথে হেঁটেছেন অনেক সন্তান। পেয়েছেন তারকা খ্যাতি। ১৮ জুন রোববার বাবা দিবস উপলক্ষে এমন চারজন তারকা বলেছেন বাবাদের কথা

ত্রপা মজুমদার ও রামেন্দু মজুমদার
ত্রপা মজুমদার ও রামেন্দু মজুমদার

তাঁর মতো সৎ মানুষ হতে চাই

ত্রপা মজুমদার

অভিনেত্রী ও নির্দেশক (নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের মেয়ে)

আমাদের বাড়ির প্রধান বৈশিষ্ট্য ছিল—লেখাপড়া হচ্ছে সবার আগে। কিন্তু আমি দেখলাম, আমার মাস্টার্স পরীক্ষার সময় নাটকের প্রদর্শনীর তারিখ পড়েছে। আমি বাবাকে বলছি যে আমার পরীক্ষা। আমি শো করতে পারব না। তখন বাবা আমাকে বললেন, ‘কোনোভাবে একটু ম্যানেজ করতে পারো না? আগে পড়া তৈরি করে...।’ সেই মুহূর্তে আমি বুঝলাম যে বাবার কাছে মঞ্চ কতটা প্রাধান্য পায়। সেই বোধগুলো আমার মধ্যে ভীষণভাবে ঢুকে গেছে। মঞ্চটা আমার জীবনের একটা প্রধানতম অংশ। আসলে বাবা-মা থেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এটা।

সেই জায়গা থেকে বলতে পারি আমি আজ মঞ্চে যেটুকু করি, যতটুকু ভালোবাসি মঞ্চকে, সেটা আসলে বাবা-মায়ের কারণেই। মা-বাবা দুজনেরই খুব ইচ্ছা ছিল আমি যেন গান করি। আমার বাড়িতে গানের মাস্টার রাখা হলো। আমাকে ছায়ানটে পাঠানো হলো। তানপুরা কেনা হলো। কিন্তু কোনোভাবেই আমাকে দিয়ে রেওয়াজ করানো গেল না। কিন্তু পাশের ঘরে থেকে আমার নাটকের সংলাপ মুখস্থ হয়ে যায়। মা-বাবা যে মহড়া করেন, ওটা আমার মুখস্থ হয়ে যায়। আসলে তাঁরা দেখলেন যে মঞ্চটাই আমার আসল জায়গা।

সবচেয়ে বড় ব্যাপার হলো, বাবা খুব ভালো মানুষ। আমার কাছে মনে হয়, বাবা মানুষকে ভালোবাসেন, সম্মান করেন, দেশকে ভালোবাসেন। বাবার যে গুণটি আমি অর্জন করতে চাই, সেটি হলো সততা। আরও ভালো করে বললে নির্লোভ হওয়া। ছোট সময়ে আমি নিজে বুঝিনি যে মঞ্চটা আমাকে এত আকর্ষণ করে। বাবা-মায়ের জীবনাচরণের মধ্য দিয়ে আমার ভেতরে চলে এসেছে। আমি বাবার মতো অভিনয় করতে চেয়েছি ঠিক এমনটা নয়, কিন্তু আপনা-আপনিই আমার ভেতরে অভিনয়টা ঢুকে গেছে। তবে আমি যে পেশায় আছি, বিজ্ঞাপন নির্মাণ, সেটা বাবাকে দেখেই আসা। বাবাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি বিজ্ঞাপন পেশার সঙ্গে যুক্ত। বাবাকে নিয়ে বলব, বাবা সুস্থ থাকুন। এটাই আমার একমাত্র চাওয়া। দীর্ঘায়ু হোন। আমি চাই বাবার মতো কিছুটা হলেও ভালো মানুষ যেন হতে পারি। তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। বাবার মতো সৎ হতে চাই। এটা হতে পারলে বুঝব, বাবার উত্তরাধিকারটা আমি যথাযথভাবে বহন করে নিয়ে যেতে পারছি।

আঁখি আলমগীর ও আলমগীর
আঁখি আলমগীর ও আলমগীর

বাবার স্বপ্ন ছিল আমি যেন ডাক্তার হই

আঁখি আলমগীর

সংগীতশিল্পী (অভিনয়শিল্পী আলমগীরের মেয়ে)

আমি বড় হয়ে ডাক্তার হব—ছোটবেলায় এমনটিই চাইতেন বাবা। বাবার চাওয়ার কারণে আমারও ওই একই ইচ্ছা ছিল। ছোটবেলায় লেখাপড়া করার পাশাপাশি গানও শিখতাম। বাবা বলতেন, লেখাপড়া করার পাশাপাশি ভালো করে গান শিখে আমাকে শোনাবে। কিন্তু গান শিখে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া বা বাইরে গাইতে হবে—এমন কোনো পরিকল্পনা বাবা ও আমার কারোরই ছিল না। বুদ্ধি হওয়ার পর থেকেই বাবাকে চলচ্চিত্রের তারকা শিল্পী হিসেবে দেখেছি। কিন্তু বাবা একবারও অভিনয়শিল্পী হওয়ার কথা বলতেন না আমাকে। তবে চলচ্চিত্রের লোকজন চাইতেন আমি অভিনয় করি।

 ছোটবেলায় ভাত দে (১৯৮৪) ছবিতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। জীবনে ওই একটি ছবিতেই অভিনয় করেছি।

এভাবে একদিন স্কুল পেরিয়ে বাণিজ্য বিভাগে কলেজে ভর্তি হলাম। ডাক্তারি পড়ার স্বপ্ন ভেঙে গেল। তখনো পরিবারের জন্যই টুকটাক গান করি।

কলেজে পড়ার সময়ই দেলোয়ার জাহান ঝন্টুর ছবিতে গান গাওয়ার প্রস্তাব আসে। বাবা প্রথমে রাজি ছিলেন না। গানটি মুক্তির পর বেশ আলোচনা তৈরি হলো। এরপর প্রথম গানের অ্যালবাম করলাম। সেটিও দারুণ সাড়া ফেলল। ওই সময়টাতে না চাইতেই যেন সবকিছু হাতে ধরা দিচ্ছিল। তখন থেকেই মূলত নিয়মিত গান গাওয়া শুরু।

তবে আমাকে নিয়ে বাবার ইচ্ছা পূরণ হয়নি বলে তাঁর দুঃখ নেই। তিনি সব সময় একটা কথা বলতেন, এখনো বলেন, ‘যা করবে, যতটুকু করবে মন দিয়ে করবে।’ বাবার কথামতো আমি ছোটবেলা থেকে সেটাই করেছি। তাই এখন সংগীতশিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি।

হৃদি হক ও ড. ইনামুল হক
হৃদি হক ও ড. ইনামুল হক

চেষ্টা করেছি তাঁর মতো মানবিক হতে

হৃদি হক

অভিনেত্রী ও নির্দেশক (নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মেয়ে)

ড. ইনামুল হকের মেয়ে হয়ে আমি গর্বিত। তাঁর মতো মানুষের সন্তান হয়ে জন্ম নেওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এই যে আজকের আমি, এর পেছনে তাঁর অবদান ও অনুপ্রেরণা অনেক। আমার সব সময়ের চেষ্টা তাঁর মতো মানবিক হয়ে ওঠা।

বাবা মুক্তিযুদ্ধের চেতনাকে এমনভাবে লালন করেন, তাঁর শিল্পকর্মে সেটার প্রভাব থাকে। বিশেষ করে তাঁর নাটকগুলোতে। পাকিস্তান টেলিভিশনের শেষ নাটক আবার আসিব ফিরে, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম নাটক বাংলা আমার বাংলা এবং প্রথম একুশে ফেব্রুয়ারির নাটক মালা এক শত মালঞ্চে নাটকগুলো তাঁর প্রমাণ। আমার নাচ-গান শেখা, অভিনয় করা, নির্দেশনা ও নাটক লেখা—এর সবই বাবার অনুপ্রেরণার ফল।

বাবা অসাধারণ মানবিক একজন মানুষ। তিনি কখনোই আমাকে বলেননি যে আমাকে এটা হতে হবে, ওটা হতে হবে। আমি আমার মতো পড়াশোনা করে গেছি। সব সময় চেষ্টা করেছি বাবার মতো মানবিক হয়ে উঠতে। বাবা-মাকে দেখে সেই কিশোর বয়সেই আমি নির্ধারণ করে ফেলেছিলাম যে শিল্প-সংস্কৃতির পথেই থাকব। কখনোই এমন পরিকল্পনা ছিল না যে আমি অন্য কিছু করব। সব সময় তাঁকে দেখে উৎসাহিত হয়েছি, অনুসরণ করেছি। তবে শিল্প-সংস্কৃতির সঙ্গে থাকলেও বিবিএ-এমবিএ পড়াটা কাজে লেগেছে। একটা প্রডাকশন হাউস করেছি। সেখানে নিয়মিত নাটক-বিজ্ঞাপন নির্মাণ করছি।

বাবা আমার সুপার হিরো। তাঁর একটা ব্যাপার সব সময় আমাকে বিস্মিত করে। সেটা হচ্ছে তাঁর অফুরান জীবনীশক্তি। তিনি সব সময় তরুণ। কখনোই আমি তাঁর মানসিক বয়সের সঙ্গে পেরে উঠি না। কখনো কখনো শারীরিক বয়সের সঙ্গেও না। তিনি অনেক পরিশ্রম করতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই প্রার্থনা করি। সেটা হচ্ছে, আমার কাজের মাধ্যমে সব সময় যেন আমার বাবা-মা খুশি হন।

ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ

বাবার উৎসাহে আমি সংগীতশিল্পী

হাবিব ওয়াহিদ

সংগীতশিল্পী (সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে)

ছোটবেলা থেকেই সংগীত নিয়ে কাজ করার বিষয়টি মাথায় ঘুরপাক খেত। সংগীতের যন্ত্রপাতি দিয়ে নতুন নতুন কিছু তৈরি করে বেশ আনন্দ পেতাম। বুদ্ধি হওয়ার পর থেকেই বাবাকে নামকরা কণ্ঠশিল্পী হিসেবে দেখেছি। বাসায় গান-বাজনার নানা যন্ত্রপাতির প্রতি ভালো লাগা কাজ করত। ড্রাম, গিটার, কিবোর্ড—এসবের দিকে বেশি মন টানত। বাবার কারণে এসব যন্ত্রপাতিতে হাত দিতে পারতাম না। কিন্তু গানের এসব যন্ত্রপাতির বিষয়ে আমার আগ্রহকে নিষেধও করতেন না বাবা। মনে পড়ে, ছোটবেলায় একবার বাবা আমাকে একটা কিবোর্ড কিনে দিয়েছিলেন। সপ্তম বা অষ্টম শ্রেণিতে আমার স্কুলের ফলাফল খুব খারাপ হয়ে গেল। মা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওই সময় বাবাকে বলতে শুনেছি, লেখাপড়া দিয়ে কী হবে, গানবাজনাটা ভালো করলেই তো পারে।’

যা হোক, একটা সময় দেশের বাইরে থেকেও সংগীতের ওপর লেখাপড়া শেষ করেছি। এরপর থেকে নিজেকে একজন সংগীত পরিচালক হিসেবে দাঁড় করাতে চেষ্টা করে যাচ্ছি। এখনো সংগীতের নতুন নতুন সৃষ্টির নিয়ে কাজ করছি। বাবা একজন কণ্ঠশিল্পী। কিন্তু আমি সংগীত সৃষ্টির আনন্দের মধ্যেই থাকতে চেয়েছি। তবে এখানে বাবারও অবদান আছে। ছোটবেলায় বাবার কাছে যে পরিবেশ পেয়েছি, সেই পরিবেশই আমাকে এই কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। ছোটবেলায় লেখাপড়ার চাইতে সংগীতের যন্ত্রপাতির দিকেই বেশি আগ্রহ ছিল আমার। বাবা নিষেধ করতেন না। তার মানে, এটাও আমাকে একধরনের উৎসাহিত করেছেন বাবা।

গ্রন্থনা: রাসেল মাহ্‌মুদ, শরীফ নাসরুল্লাহ ও শফিক আল মামুন