বাবার বাড়িতে ঈশিতার নাটক
ঈশিতা সর্বশেষ নাটক নির্মাণ করেছিলেন গত ভালোবাসা দিবসে। এরপর দীর্ঘদিন দেশের বাইরে অবকাশ যাপনে যান। রোজার আগে দেশে এলেও তখন কোনো নাটকের কাজে হাত দেননি। রোজার ঈদে নাটকের কাজ না করলেও কোরবানির ঈদের জন্য নাটক নির্মাণ করলেন তিনি। ‘বাতাস যখন খুঁজে পেল কাশবন’ নামের এ নাটকটি পরিচালনার পাশাপাশি রচনার কাজটিও করেছেন তিনি। তবে এবারের নাটকটি পরিচালনা করতে দেখা দিয়েছিল শুটিংয়ে বাড়ির সংকট। শুটিংয়ের জন্য উপযুক্ত বাড়ি না পেয়ে শেষ পর্যন্ত বাবার বাড়িতেই পুরো নাটকের শুটিং করলেন অভিনেত্রী ও পরিচালক রুমানা রশীদ ঈশিতা। সম্প্রতি উত্তরার ৪ নম্বর সেক্টরের ঈশিতার বাবার বাড়ি দক্ষিণায়নে আসন্ন ঈদের জন্য নির্মিত নাটক বাতাস যখন খুঁজে পেল কাশবনের শুটিংয়ের কাজ শেষ করেন তিনি। শুটিংয়ের জন্য বাবার বাড়িকে পছন্দের কারণ হিসেবে ঈশিতা বলেন, ‘আসলে নাটকটির গল্পের প্রয়োজনে একটু ভিন্ন টাইপের শুটিং-বাড়ি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। কিন্তু সে রকম বাড়ি কোথাও খুঁজে পেলাম না। অবশেষে দেখলাম চোখের সামনে বাবার এত সুন্দর বাড়ি থাকতে অন্য কোথাও শুটিংয়ের মানে হয় না। তারপর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নাটকের কাজ শেষ করলাম।’নাটকের গল্প গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল এমবিএ ছাত্রছাত্রীকে নিয়ে। নানা ধরনের ঘটনাকে কেন্দ্র নাটকের গল্পটি আবর্তিত হয়েছে।নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন—হিল্লোল, কুসুম শিকদার, নাইমসহ আরও অনেকে।নাটকটিতে কাজ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘পরিচালক ঈশিতার কাজ আমার খুব ভালো লাগে। নাটকটিতে ওর পরিচালনায় কাজ করে বেশ ভালো লেগেছে। গল্পটা রোমান্টিক হলেও গতানুগতিক ছিল না।’ পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি কোরবানির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে।