>সারা বছরই তাঁরা ব্যস্ত থাকেন। পরিবার ও সন্তানকে সেভাবে সময় দিতে পারেন না। তবে সন্তান পালনের বিশেষ কিছু মুহূর্ত তাঁরা তাঁদের ইনস্টাগ্রাম-ফেসবুকে পোস্ট করেছেন। হলিউডের জনপ্রিয় অভিনেতা কিংবা গায়কের সন্তানদের সঙ্গে কাটানো সেই মুহূর্তকে তুলে ধরা হলো

জাস্টিন টিম্বারলেক
জাস্টিন-জেসিকা দম্পতির প্রথম সন্তান সিলাসের জন্ম হয় দুই বছর আগে। ছেলের যত্নআত্তি করতে জেসিকাকে প্রায়ই সাহায্য করেন জনপ্রিয় এই মার্কিন গায়ক। বাবা হওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাবা হওয়া আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে অসাধারণ, সুন্দর, অন্য রকম ভালো লাগার ঘটনা।’

জন লিজেন্ড
গায়ক ও গীতিকার জন লিজেন্ড ইতিমধ্যেই ‘অসাধারণ বাবা এবং চমৎকার স্বামী’র উপাধি পেয়ে গেছেন স্ত্রী ক্রিসির কাছ থেকে। জনের সময়ও কাটে ছোট্ট কন্যা লুনাকে নিয়ে। সন্তানের জন্মের পর জন বলেন, ‘তুমি যখন দেখো তোমার আর তোমার ভালোবাসার মানুষের ভালোবাসার ফসল ছোট্ট একটা মানুষ তোমার সামনে, সেই মুহূর্তগুলোর কথা ভাষায় প্রকাশ করা যায় না। তার বেড়ে ওঠা দেখার জন্য, আর এই বেড়ে ওঠায় তাকে সাহায্য করার জন্য আমি বেশ উদ্গ্রীব হয়ে আছি!’

জেসন সুডেইকিস
জনপ্রিয় তারকা দম্পতি জেসন ও অলিভিয়া দম্পতির দ্বিতীয় সন্তান ডেইজির জন্মের পর জেসনের মতে তাঁর জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘আমার প্রথম সন্তান, আমার ছেলে ওটিস আমাকে ডেডা ডাকে। এই ডাকটা আমার অসাধারণ লাগে। আমি কখনো ভাবিনি আমার এমনটা অনুভব হবে কিন্তু হলো।
অ্যাস্টন কুচার

মার্কিন অভিনেতা ও প্রযোজক অ্যাস্টিন কুচার বলেন, ‘পিতৃত্ব তাঁকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে।’ অ্যাস্টন-মিলা দম্পতির প্রথম কন্যাসন্তানের জন্মের পরপরই নতুন অভিভাবক বেশ ব্যস্ত সময় পার করছেন সন্তানকে নিয়ে। মিলা কুনিস আবারও সন্তানসম্ভবা হওয়ার পর বড় মেয়েকে বাবাই বেশি সময় দিচ্ছেন।

ডাওনি জনসন
রেসলিংয়ের সুপারস্টার ডাওনি জনসন। রক নামে পরিচিত এই তারকার বড় মেয়ে বয়ঃসন্ধিকাল পার করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আবার বান্ধবী লরেনের ঘরে জন্ম নেয় ছোট মেয়ে জেসমিন। দুই মেয়েই রকের চোখের মণি। ‘বাবা হওয়া আমার জীবনে পাওয়া সেরা অর্জন। মেয়েকে কোলে নিয়েই তাকে বলি, আমি সব সময়ই তোমার খেয়াল রাখব। সব সময়ই। সারা জীবন তুমি নিরাপদ থাকবে।’

ম্যাট ডেমন
ম্যাট-লুসিয়ানা দম্পতির ঘর আলো করে রেখেছে তাদের চার কন্যা। বাবা হওয়ার পর মার্কিন এই অভিনেতার মনে হয়, এত ভালোবাসাময় জীবন তাঁর কখনোই ছিল না। কিছুদিন আগে সবার ছোট মেয়ে জিয়াকে কোলে নিয়ে ম্যাট ডেমন বলেন, ‘নিজেকে পরিপূর্ণ মনে হয়। চারদিকে পরিপূর্ণতা।’

রায়ান রেনল্ডস
কানাডীয় তারকা দম্পতি রায়ান-ব্লেক সম্প্রতি তাঁদের দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সন্তানদের জন্য সম্ভব সবকিছু করতে প্রস্তুত এই দম্পতির নব্য বাবা বেশ সুখী তাঁর এই নতুন ব্যস্ততা নিয়ে। বাবা রায়ান বলেন, ‘মেয়ে আমার আঙুল ধরে রাখে তার ছোট্ট হাতে, সে বলে ডেডা। আর আমি, আমরা দুজন সিমেন্টের দেয়ালে হাঁটাহাঁটি করি। বাবা হওয়া এককথায় অসাধারণ!’
গ্রন্থনা: ফাবিহা সাহাব উদ্দিন
সূত্র: ব্রাইটসাইড ডট কম