বাবার মতোই শ্রদ্ধা করতাম তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৈমন্তী শুক্লা ও মান্না দে
হৈমন্তী শুক্লা ও মান্না দে

মান্নাদাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। তিনিও আমাকে কন্যার মতো ভালোবাসতেন, আদর করতেন। মান্নাদা বরাবরই ক্লাসিক্যাল গান বেশি পছন্দ করতেন। আমারও তা পছন্দ ছিল। সেই কারণে মান্নাদার প্রিয়পাত্র হয়ে উঠেছিলাম। তাঁর অনেক গান গেয়েছি। দ্বৈতকণ্ঠেও গান গেয়েছি। তাঁর সুরারোপিত বহু গান গেয়েছি। একবার আমার সুর করা একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। এখনো আমার স্মৃতিতে ভেসে উঠছে অতীত দিনের নানা কথা।
১৯৭২ সালের কথা। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিলাম একটি অনুষ্ঠানে। তখনই প্রথম পরিচয় হয় মান্না দের সঙ্গে। তখন থেকেই মান্নাদার ভক্ত হয়ে যাই। পাই তাঁর আশীর্বাদ।
মান্নাদা ছিলেন বিরাট মাপের শিল্পী। সংগীতের মহিরুহ। তার গভীরতা পরিমাপ করা যায় না। ছিলেন বড় হূদয়ের মানুষ। মানুষকে কাছে টেনে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।
মান্নাদা তাঁর সংগীতজীবনের অধিকাংশ সময় মুম্বাইয়ে কাটিয়েছেন। কিন্তু এক মুহুর্তের জন্যও ভুলতে পারেননি কলকাতাকে। কলকাতায় তাঁর জন্ম। কলকাতায় বেড়ে ওঠা। সংগীতের হাতেখড়ি। তাই মুম্বাইয়ে থাকলেও মন পড়ে থাকত কলকাতায়। ডাক পেলেই আসতেন। আমার বাসায়ও এসেছেন। কী ভালো মানুষ ছিলেন তিনি!
মান্নাদা ছিলেন মনেপ্রাণে একজন খাঁটি বাঙালি। বাংলায় কথা বলা বা বাঙালির খাবার তাঁর দারুণ পছন্দ ছিল। কলকাতায় এলেই ডুবে থাকতেন বাঙালি খাবারে। পছন্দও করতেন বাঙালি বেশভূষা।

নিজ বাসার সামনে
নিজ বাসার সামনে


মান্নাদা বহু ভাষায় গান গেয়েছেন। কিন্তু তিনি যে ভাষায়ই গান করেছেন, ওই ভাষার শ্রোতারা কখনো বুঝতে পারেননি তিনি একজন বাঙালি শিল্পী। যখন যে ভাষায় গান গেয়েছেন, তখন যেন তিনি বনে গেছেন সেই ভাষারই একজন শিল্পী।
বৌদিও (মান্না দের সহধর্মিণী, সুলোচনা কুমারন) মান্না দের সাহচর্যে এসে দারুণ বাংলা শিখেছিলেন। তিনি স্বচ্ছন্দে বাংলায় কথা বলতেন। ভালো রবীন্দ্রসংগীত গাইতেন। তিনি ছিলেন কেরালার মানুষ, জীবনের বেশির ভাগ সময় ছিলেন মুম্বাইয়ে।
আজ মান্নাদা নেই। সব কিছুই ফাঁকা লাগছে। সারা মনজুড়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাঁর নানা স্মৃতি। মান্নাদা একসময় কলকাতায় একটি সংগীত একাডেমি গড়তে চেয়েছিলেন। কিন্তু তা আর করা হলো না।
মৃত্যুর পর মান্নাদার মরদেহ কলকাতায় এনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেওয়া হলেও তা আর তাঁর পরিবারের আপত্তিতে হয়ে ওঠেনি। মান্নাদাকে শেষ দেখা দেখতে পারল না কলকাতাবাসী। জানাতে পারল না শেষ শ্রদ্ধা। দিতে পারল না তাঁর নশ্বর দেহে ফুল-মালা। এ দুঃখ, এ লজ্জা ঢাকব কী করে?