বাবার মৃত্যুসংবাদ শুনে বাড়ি ছুটলেন অপু

বুধবার প্রায় সারা দিনই এফডিসিতে হিরো দ্য সুপারস্টার ছবির শুটিং করেন অপু বিশ্বাস। কথা ছিল, আজ শুক্রবার সকালে এই ছবির কিছু অংশের শুটিংয়ের জন্য শাকিব খান, অপু আর ববি ব্যাংকক যাবেন। তাই হিরো দ্য সুপারস্টার ছবির ঢাকার অংশের শুটিং দ্রুত শেষ করতে চেয়েছিলেন প্রযোজক ও নায়ক শাকিব খান। কিন্তু রাতে একটি ফোনকল সব পাল্টে দিয়েছে—অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস আর নেই। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবর পেয়ে রাতেই ঢাকা থেকে বগুড়ায় বাবার বাসায় ছুটে যান অপু। এরপর মুঠোফোনে আর পাওয়া যায়নি অপুকে। তাঁর আত্মীয় শেলী জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দুদিন আগে অপুর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের চেলোপাড়া শ্মশানে উপেন্দ্রনাথ বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়।