বাবার লেখা গানগুলো সংগ্রহ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে গান নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘সুর ভরা নীলিমা’। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া ও নাজমুল হুদা। উপস্থাপনা করছেন সুজিত মুস্তাফা। কথা হলো তাঁর সঙ্গে।‘সুর ভরা নীলিমা’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এটি একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান। বিভিন্ন বিষয়ের ওপর শিল্পীরা এখানে গান করেন। এ পর্যন্ত অনেক শিল্পী এসেছেন। জনপ্রিয় ও যাঁরা ভালো গান করেন—তাঁদেরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। তবে যাঁরা ভালো গান করেন কিন্তু তেমন পরিচিত নন, সামনে তাঁদেরও ডাকার ইচ্ছা আছে। আজ গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে আজ কোনো নির্দিষ্ট বিষয় থাকবে না। রবীন্দ্রসংগীত, ডি এল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেনের গান গাইবেন তিনি। আর দর্শক-অনুরোধের গান তো থাকছেই।আপনি তো সংগীতশিল্পী। উপস্থাপনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমি কিন্তু টিভিতে ছোটবেলা থেকেই উপস্থাপনা করতাম। বিটিভিতে নবকল্লোল নামে একটা অনুষ্ঠান অনেক দিন করেছি। বছর কয়েক আগে একুশে টিভিতে স্ত্রী মুনমুন আহমেদকে সঙ্গে নিয়ে ভালোবাসা কারে কয় নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এ কাজটা আমি খুব উপভোগ করি। যেহেতু আমি নিজে গান নিয়ে পড়াশোনা করেছি, গান শিখছি ও শেখাই—এ কারণেই এবার আগ্রহী হয়েছি। গানের অনুষ্ঠান উপস্থাপনা যিনি করবেন, তাঁকে কিন্তু অবশ্যই গান, গানের ইতিহাস, যে শিল্পী গান করছেন—তাঁর ব্যাপারে জানতে হবে। তবেই একটা ভালো উপস্থাপনা সম্ভব।এবার আপনার নিজের গানের অ্যালবামের কথা জানতে চাই।আমার চতুর্থ অ্যালবামের কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে। এখানে ১০ জন গীতিকার ও ১০ জন সুরকারের গান করছি। আমার বাবা আবু হেনা মোস্তফা কামাল অনেক গান লিখে গেছেন। অনেক শিল্পী তাঁর গান গেয়েছেন। তিনি সেসব গান সংগ্রহের ব্যাপারে কখনোই উদ্যোগ নেননি। আমি এবার বাবার গানগুলো সংগ্রহ করছি। অনেক গানেরই সুর পাওয়া যাচ্ছে না। চেষ্টা করছি। সামনে বাবার গানগুলো নিয়ে অ্যালবাম করব। এ ছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের দুটি অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছি।