
এর আগে বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘ম্যায় তেরা হিরো’তে অভিনয় করেছেন। এবার ‘জুড়ওয়া ২’তে অভিনয় করলেন। কেমন লাগছে?
এখন বেশ ভালো লাগছে। তবে শুরুতে একটু চিন্তায় ছিলাম। বলা যায়, নার্ভাসই ছিলাম। জুড়ওয়াতে সালমান ভাই দুর্দান্ত কাজ করেছিলেন। আজও তাঁর অভিনীত চরিত্র মানুষের মনে গেঁথে আছে। তাই সালমান ভাইয়ের চরিত্রে নিজে কতটা ফিট হব, তা নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। তবে আমাকে এ ব্যাপারে সাহস জোগায় বদ্রিনাথ কি দুলহনিয়া ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। ও বলে, ‘তুই এমনিতে দুষ্টু, আর পর্দাতেও তোকে তা-ই করতে হবে। তুই যা, তুই তা-ই করবি। তাই তোর কোনো অসুবিধা হবে না।’ তারপর ‘গণপতি বাপ্পা’র নাম করে ঝাঁপিয়ে পড়ি। ম্যায় তেরা হিরোতে ‘গণপতি’ ছিলেন ছবিজুড়ে। আমার এই ছবিতেও তা–ই। আমি জানি উনি আমাকে রক্ষা করবেন।
‘জুড়ওয়া’ ছবিতে সালমান খান অভিনীত চরিত্র দুটি অমর হয়ে গেছে। কোথাও মনে হয় না, দর্শকের আপনার থেকে অনেক বেশি প্রত্যাশা থাকবে?
জানি প্রত্যাশা থাকবে। আর প্রত্যাশা থাকা তো ভালো। প্রত্যাশা থাকলেই তা পূরণ করার তাগিদ আসে। আমার অনুরাগীরা আমার থেকে সব সময় নতুন কিছু প্রত্যাশা করে এসেছেন। তাঁরা আশা করেন, ‘বরুণ’ মানেই উপহার দেবে অন্য ধারার বিনোদন।
‘জুড়ওয়া’ যখন মুক্তি পায়, তখন তো আপনি বেশ ছোট?
হ্যাঁ, তখন আমার বয়স খুব কম। কিন্তু আজও জুড়ওয়ার স্মৃতি টাটকা। এখনো মনে আছে মাসি, মাসতুতো ভাই—সবাই মিলে ‘চন্দন’ সিনেমা হলে জুড়ওয়া দেখতে গিয়েছিলাম। তখন ব্যালকনির টিকিটের দাম ছিল ৮০ রুপি। শিঙাড়া নিয়ে জুড়ওয়া দেখতে হলে যাই। তখনই এই ছবিটা দেখে আমার দারুণ লাগে, বিশেষ করে সালমান ভাই ও কারিশমা কাপুরকে। তখন আমি শিশু হয়েও ছবিটা ভরপুর উপভোগ করেছিলাম। সত্যি বলতে এটা এমনই একটা ছবি, যা ছোট-বড় সবাই উপভোগ করবে। আমি তাই সব সময় চাইতাম জুড়ওয়ার মতো কমেডি ছবিতে কাজ করতে। ছোটদের মনোরঞ্জন করতে। শিশুদের মুখে হাসি দেখতে সব থেকে ভালো লাগে। আমি চাই সপরিবারে সবাই সিনেমা দেখতে আসুক। উপভোগ করুক।
সালমান খানের কাছ থেকে ছবি-সংক্রান্ত কোনো টিপস নিয়েছেন কী?
সে অর্থে টিপস না নেওয়া হলেও আমি এবং সালমান ভাই এই ছবি নিয়ে আলোচনা করতাম। আর সব থেকে বড় কথা, উনি জুড়ওয়া ২তে অতিথি চরিত্রে থাকছেন। এ নিয়ে আমরা পর্দায় দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছি। এর আগে ম্যায় তেরা হিরো ছবিতে সালমান ভাইয়ের কণ্ঠস্বর ছিল। তবে আমি এই ছবির ব্যাপারে অনুপম খেরের কাছ থেকে অনেক টিপস নিয়েছি। উনি সালমান খানের জুড়ওয়াতে ছিলেন। আবার এর সিক্যুয়েলেও আছেন। আবার যমজ বোনদের নিয়ে ছবি শ্রীদেবীর চালবাজসহ একাধিক এ ধরনের ছবিতে কাজ করেছেন। তাই অনুপমজি এ ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ।

বলিউডে যমজ ভাইবোন নিয়ে একাধিক ছবি হয়েছে। আপনাকে কোন ছবিটা সব থেকে বেশি প্রেরণা জুগিয়েছে?
আমি জুড়ওয়া তো একাধিকবার দেখেছি। কিন্তু পাপা বলেন একজন অভিনেতা হিসোবে আমাকে গুলজার সাহেবের আংগুর দেখতে। আমি যে কতবার দেখেছি ছবিটা, তা গুনে শেষ করতে পারব না। ছবিটা আমাকে ভীষণ প্রেরণা জোগায়। আমার মনে হয়, যমজদের নিয়ে আজ পর্যন্ত বলিউডে যে কটা ছবি হয়েছে, তার মধ্যে সঞ্জীব কুমারের এই ছবিটা বেস্ট। সঞ্জীব কুমার ও দেবেন ভর্মা দুর্দান্ত কাজ করেছিলেন। আমার মনে হয়, এই দুই অভিনেতা হিন্দি চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সেরা অভিনেতা। এরপর আমি শ্রীদেবীর চালবাজকে রাখব।
শুটিংয়ের সময় কাকে পাশে পেলেন, বাবাকে, না পরিচালক ডেভিড ধাওয়ানকে?
সেটে উনি একজন পরিচালক। তবে আউটডোরে গিয়ে বাবাকে পেয়েছি। আমাদের টানা দুই মাস লন্ডনে শুটিং ছিল। ওই ৬০ দিন পাপার শাসনে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। হোটেলে পাপার ঠিক পাশের ঘরটাই ছিল আমার। শুটিং শেষে জিমের পর পাপা হুংকার দিয়ে বলত, ‘বরুণ, তাড়াতাড়ি শুয়ে পড়ো।’ আবার পরের দিন সকালে বলতেন, ‘বরুণ, সকাল হয়েছে, এবার উঠে পড়ো।’ আমাকে যেন পরের দিন পুরোপুরি ফ্রেশ লাগে। আর সকালে গুড মর্নিংটাও আমাকে জোরের সঙ্গে বলতে হবে।