বাবার শূন্যতা বোধ করছিল প্যারিস!
প্রয়াত ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন কবজির রগ কেটে ও ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ৫ জুন বুধবার। সম্প্রতি এক খবরে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, আত্মহত্যা চেষ্টার আগ মুহূর্তে বাবার শূন্যতা অনুভব করছিল ১৫ বছর বয়সী প্যারিস। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি সেবনের পাশাপাশি ছুরি দিয়ে কবজির রগ কেটে ফেলায় আশঙ্কাজনক অবস্থায় ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় প্যারিসকে। তার কবজিতে একাধিক ক্ষত চিহ্ন ছিল। তবে এখন সে আশঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সেরে উঠছে। এদিকে প্যারিসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আত্মহত্যা চেষ্টার আগ মুহূর্তে প্যারিস চিত্কার করে বলেছিল, ‘এখন বাবা যদি এখানে থাকত!’ সূত্রটি আরও জানিয়েছে, প্যারিস মনে করছে, পরিবারের কেউ তাকে চায় না। পরিবারের সবার কাছ থেকে সে দূরে সরে গেছে। প্রচণ্ড একাকিত্বে ভুগছে সে। মঙ্গলবার রাতে প্যারিস বলেছিল, তার বাবার মতো আর কেউই তাকে বুঝতে পারে না।