বাবার শোকে জন্মদিন উদযাপন করে না প্যারিস!
জ্যাকসন-কন্যা প্যারিস বাবাকে হারিয়েছে চার বছর আগে। ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের অপ্রত্যাশিত সেই মৃত্যুর পর থেকে আজ অবধি নিজের জন্মদিন উদযাপন করেনি ১৫ বছর বয়সী প্যারিস। সম্প্রতি অজানা এ তথ্য সবার সামনে ফাঁস করেছেন জ্যাকসনের সাবেক ব্যক্তিগত বাবুর্চি কাই চেজ। জ্যাকসনের মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তাঁর পরিবারের সবাইকে রেঁধে খাওয়ানোর দায়িত্ব পালন করেছেন কাই। সম্প্রতি কাইয়ের উদ্ধৃতি দিয়ে ইঅনলাইন জানিয়েছে, সন্তানদের ঘিরেই ছিল জ্যাকসনের পুরো পৃথিবী। তাদের নিয়ে অনেক মজা করতেন জ্যাকসন। সন্তানদের সঙ্গে প্রায়ই শিশুসুলভ নানা খেলায় মেতে থাকতেন তিনি। কাই আরও জানান, সর্বশেষ বাবার সঙ্গে ঘটা করে নিজের ১১তম জন্মদিন উদযাপন করেছিল প্যারিস। কিন্তু এরপর আর কোনো জন্মদিনই সে উদযাপন করেনি। এমন নয় যে কেউ তাকে জন্মদিন উদযাপন করতে মানা করেছে। বাবাকে হারানোর পর সে নিজে থেকেই এমনটা করেছে। ১৫তম জন্মদিনেও কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই মা ডেবি রোয়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছে প্যারিস।