বাবার স্মৃতি
দুনিয়ার আর সবাই হয়তো একজন প্রিয় তারকা হারিয়েছে, কিন্তু তারা হারিয়েছে বাবাকে। তা-ও আবার বয়স যখন ১৫ বছরও হয়নি। তাই বাবাকে কাছে না পাওয়ার কষ্ট তাদের বুকে বাজে প্রতিদিন। মাইকেল জ্যাকসনের সন্তানদের কথা বলা হচ্ছে। যাদের একজন প্যারিস। ১৩ বছরের এই মেয়েটি প্রতি রাতে নাকি বালিশের ওপর বাবা জ্যাকসনের একটা জ্যাকেট বিছিয়ে নেয়। কেন? জানালেন জ্যাকসনের মা ক্যাথেরিন, ‘প্যারিস প্রতি রাতে ওর বাবার জ্যাকেট কাছে রাখে। ও নাকি ওর বাবার গন্ধ পায় তাতে। বলে, কখনোই এই জ্যাকেট পরিষ্কার করবে না, এখানে আমার বাবার গন্ধ পাই!’ এদিকে বাবার মতোই হয়ে উঠছে প্রিন্স মাইকেল জ্যাকসন। ১৪ বছর বয়সী এই কিশোর গত বৃহস্পতিবার অংশ নিয়েছিল বার্লিনের এক দাতব্য অনুষ্ঠানে। সেখানে সে দর্শক-শ্রোতাদের পড়ে শুনিয়েছে বাবার হাতে লেখা তিনটি বিখ্যাত গান। আর সেই গানের কপিগুলো তোলা হয়েছে নিলামে। নিলাম থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে। আইএএনএস।