বাবুর্চির সঙ্গে বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম চিত্রনায়ক রিয়াজের সঙ্গে নাটকে অভিনয় করলেন অভিনেত্রী-মডেল সারিকা। মাসুম রেজার রচিত ও এস এ হক অলিক পরিচালিত নাটকটির নাম হচ্ছে ‘চিকেন টিক্কা মাসালা’। নাটকে রিয়াজ বাবুর্চির ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের কাহিনিতে দেখা যাবে, সারিকার বিয়ে নিয়ে পুরো গ্রামে একটা প্রতিযোগিতা শুরু হয়। পাত্রের যোগ্যতা হিসেবে চাওয়া হয় মিনিমাম মোটরসাইকেল থাকতে হবে। এদিকে বিলেত থেকে আসা রিয়াজ একই গ্রামের সারিকাকে দেখামাত্রই পছন্দ করে ফেলেন। ছেলের পছন্দের কারণে সারিকাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান মা-বাবা। বিলেতফেরত রিয়াজের মা-বাবার বিয়ের প্রস্তাবে বেশ অবাক হয় সারিকার পরিবার। কারণ গ্রামে রিয়াজদের পরিবারের মতো এত বিত্তশালী কেউ নেই বললেই চলে। কিন্তু ঝামেলা বাধে পাত্রের বায়োডাটায় শেফ লেখা দেখে। যার মানে বাবুর্চি। এদিকে সারিকার পরিবার ভাবতে থাকে, একজন বাবুর্চির সঙ্গে আর যাই হোক মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। গল্প মোড় নেয় অন্যদিকে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘অলিকের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা বেশ চমত্কার। গল্পটি আসলে খুবই ভালো ছিল। তাই অভিনয় করেও ভালো লেগেছে। আশা করছি দর্শকেরা বেশ মজা পাবে।’ এদিকে সারিকা বলেন, ‘কাজ শুরুর আগে খুবই এক্সাইটেড ছিলাম। আবার যখন কাজটা শুরু করলাম রিয়াজ ভাই এতটা সহযোগিতা করেছেন যেটা কল্পনাও করিনি। এটি রিয়াজ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। আশা করছি দর্শকেরা খুব ভালোভাবে নাটকটিতে আমাদের গ্রহণ করবে।’