বাবুর্চির সঙ্গে বিয়ে!
এই প্রথম চিত্রনায়ক রিয়াজের সঙ্গে নাটকে অভিনয় করলেন অভিনেত্রী-মডেল সারিকা। মাসুম রেজার রচিত ও এস এ হক অলিক পরিচালিত নাটকটির নাম হচ্ছে চিকেন টিক্কা মাসালা। নাটকে বাবুর্চির ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ। নাটকের কাহিনিতে দেখা যাবে, সারিকার বিয়ে নিয়ে পুরো গ্রামে একটা প্রতিযোগিতা শুরু হয়। পাত্রের যোগ্যতা হিসেবে চাওয়া হয় মিনিমাম মোটরসাইকেল থাকতে হবে। এদিকে বিলেতফেরত রিয়াজ একই গ্রামের সারিকাকে দেখামাত্রই পছন্দ করে ফেলেন। ছেলের পছন্দের কারণে সারিকাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান মা-বাবা। বিলেতফেরত রিয়াজের মা-বাবার বিয়ের প্রস্তাবে বেশ অবাক হয় সারিকার পরিবার। কারণ গ্রামে রিয়াজদের পরিবারের মতো এত বিত্তশালী কেউ নেই বললেই চলে। কিন্তু ঝামেলা বাধে পাত্রের বায়োডাটায় শেফ লেখা দেখে। যার মানে বাবুর্চি। এদিকে সারিকার পরিবার ভাবতে থাকে, একজন বাবুর্চির সঙ্গে আর যাই হোক মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। গল্প মোড় নেয় অন্যদিকে।