বামবা ও এলসিএস গিল্ডের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী-সুরকার-গীতিকারদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করবে ব্যান্ড সংগঠন বামবা এবং শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন এলসিএস গিল্ড। এরই মধ্যে এ ব্যাপারে দুই সংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শিল্পীদের স্বার্থ রক্ষার ব্যাপারে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কপিরাইট নিবন্ধক মনজুরুর রহমান, বামবার সভাপতি হামিন আহমেদ, এলসিএস গিল্ডের সভাপতি আলাউদ্দীন আলী এবং ব্যারিস্টার অনিক এইচ হক। বক্তারা বাংলাদেশের গানের বাজারে কপিরাইট-বহির্ভূত নানা কর্মকাণ্ডের দিকে আলোকপাত করেন। একই সঙ্গে উন্নত বিশ্বে সংগীত ও শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রণীত আইন ও তার সঠিক ব্যবহারের দিকটি তুলে ধরা হয়। দুটি সংগঠনের পক্ষ থেকে মেধাস্বত্ব আইন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি শিল্পী, গীতিকার ও সুরকারদের এক মিলনমেলায় পরিণত হয়।