
ইশ্, রিমোট ঘুরিয়ে যদি ছোটবেলায় ফিরে যাওয়া যেত? কিংবা যদি টাইম মেশিন থাকত! এমন ইচ্ছেরা কি হামলে পড়ে মনে? সেই বায়োস্কোপের দিনগুলোতে ফেরার কথা মনে আসে? ‘ওপেনটি বায়োস্কোপ, নাইন টেন টেইসস্কোপ’ ছন্দ মিলিয়ে একটা খেলা আছে এ দেশে। অনেকে হয়তো সেই ছন্দ শুনে চোখ সিক্ত করেন।
এই আবেগের সঙ্গে আরও একবার মিলেমিশে একাকার হওয়ার জন্যই বোধ হয় ১৬ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে ওপেন টি বায়োস্কোপ নামের আস্ত একটি চলচ্চিত্র। ছবির বিষয়? আমার-আপনার সেই শৈশবের চেনাজানা গলি আর বন্ধুত্ব।
ছবির প্রযোজক সুজিত সরকার দুই হাত ওপরে তুলে আগেই বলেছেন, ‘এ ছবি কিন্তু বক্স অফিসের জন্য বানাইনি। আর এখানে আমি শুধু প্রযোজক নই; এতে স্পট বয়, পরিচালকের সহকারী, ক্যামেরা সহযোগী—সবকিছুতে আমি কাজ করেছি।’
ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। মূল চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাঁরা দুজনই এর আগে আরও কাজ করেছেন। ঋদ্ধির বাবা কৌশিক সেন তো জনপ্রিয় অভিনেতা। আর সুরঙ্গনা ছিলেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’ প্রতিযোগিতায়। সম্প্রতি সুরঙ্গনা আরও অভিনয় করেছেন অপর্ণা সেনের পরিচালনায় গয়নার বাক্স ছবিতে। ঋদ্ধি অভিনয় করেছেন সাতটি ছবিতে। এর মধ্যে পাঁচটি এখনো মুক্তি পায়নি। তবে এই দুজন কিশোর শিল্পীর অভিনয় দেখে অনেকেরই হয়তো পিলে চমকে যাবে। কারণ, কৈশোরের প্রথম চুমুর গুরুত্বপূর্ণ দৃশ্যও হালকা মেজাজে করে দেখিয়েছেন এই অভিনয়পটুরা। সুরঙ্গনার মতে, ‘প্রথমে আমি খুব দ্বিধায় পড়ে যাই। এ সময় ঋদ্ধি আমার অভিভাবকের মতো এগিয়ে আসে। বলল, “তুই ঠিক পারবি।” ও-ই আসলে আমাকে দিয়ে দৃশ্যটা বের করে এনেছে।’
আর ঋদ্ধির মন্তব্য, ‘আসলে আমিও খুব চাপে ছিলাম। কিন্তু এখানে মূল চ্যালেঞ্জ ছিল কাজটি করা নয়, দৃশ্যে স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন করা।’ এমন ইঁচড়েপাকা কথা শুনে বোঝার উপায় নেই, দুজনের কেউই কলেজের প্রথম বর্ষের পাঠ এখনো শেষ করেনি।
আর এমনই দরকার ছিল ছবির গল্পের জন্য। ছবিতে দেখা যাবে, সেই ছোট ছোট লাল ইটের বাড়ি। কয়েনের বুথ, ছাদে ভাঙা অ্যান্টেনার সময়, সঙ্গে আছে বন্ধুদের ‘চল’ শব্দটি। বন্ধুর প্রেমিকাকে বৌদি বলা। বন্ধুর প্রেমপত্র পৌঁছে দিতে দিতে সেই প্রেমিকার সঙ্গে একটু প্রেম। আবার বন্ধুত্বের খাতিরেই ফুটবল মাঠে নামা। কিশোর বয়সের এই শিল্পীদের সঙ্গে আছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। আছেন রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকারসহ অনেকে।
অনিন্দ্য চট্টোপাধ্যায় সম্পর্কে তো কিছুই বলা হলো না। তিনি সংগীতশিল্পী। চন্দ্রবিন্দু ব্যান্ডের কণ্ঠশিল্পী। বাংলা চলচ্চিত্রে অভিষক্ত হওয়া এই পরিচালককে নিয়ে সেরা কথাটা বলেছেন সুজিত সরকার, ‘বক্স অফিসে হিট নয়, এর মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে উপহার দিলাম অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।’
কলকাতার পত্রিকা ও টিভি চ্যানেল অবলম্বনে