বারফির পর পেপসি!
‘বারফি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের পর থেকে অনেকেই বারফি নামে ডাকছেন রণবীর কাপুরকে। এবার বোধহয় তারা রণবীরকে ডাকবেন পেপসি নামেই। কারণ? অভিনব কশ্যপের নতুন ছবিতে তাঁর চরিত্রের নাম ‘পেপসি’।কাকতাল হলেও রণবীর বর্তমানে কোমল পানীয় পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে বলাই বাহুল্য ‘পেপসি’ চরিত্রে অভিনয়ের পর তাঁকে এ নামেই সবাই ডাকা শুরু করবেন। পরপর কয়েকটি ছবিতেই অদ্ভুত আর মজার সব নামের চরিত্র পাচ্ছেন রণবীর। ‘বারফি’র পর অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে ‘বান্নি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এবার পেলেন ‘পেপসি’ নামের চরিত্রটি। এক খবরে জানিয়েছে ‘মিড-ডে’। পর্দায় এমন সব মজার নাম নিয়ে হাজির হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণবীরের সোজা-সাপটা জবাব, ‘আসলে এর ওপরে আমার কোনোই হাত নেই। ছবিতে আমার চরিত্রের নাম নির্ধারণের কাজটি করেন ছবির পরিচালক ও চিত্রনাট্যকার। এমন অদ্ভুত সব নামের চরিত্র পাওয়াটা স্রেফ কাকতাল ছাড়া আর কিছুই না। এতে আমি বেশ মজাই পাচ্ছি।’